কংগ্রেসকে মিথ্যা বলেছেন, স্বীকারোক্তি ট্রাম্পের সাবেক আইনজীবীর
রাশিয়া নিয়ে তদন্তে মার্কিন কংগ্রেসকে মিথ্যা বলার দোষ স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন।
বৃহস্পতিবার সকালে ম্যানহাটানের ফেডারেল কোর্টে হাজির হয়ে কোহেন তার দোষ স্বীকার করে বলেন, রাশিয়ায় ট্রাম্পের রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে তিনি কংগ্রেসকে মিথ্যা কথা বলেছিলেন।
ম্যানহাটানের আদালতে এ নিয়ে দ্বিতীয়বার স্বীকারোক্তি দিলেন কোহেন। এর আগে অগাস্টে কোহেন নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছেন বলে স্বীকার করেছিলেন। তবে ট্রাম্পের নির্দেশেই ওই আইন ভাঙেন বলে দাবি করেন তিনি।
এবারে কোহেন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের যোগসাজশ ছিল কিনা- তা নিয়ে কংগ্রেসের তদন্তে মিথ্যা বিবৃতি দেওয়ার কথা স্বীকার করলেন।
আদালতের শুনানিতে কোহেন বলেন, মস্কোয় ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে লিখিতভাবে মিথ্যা বিবৃতি দিয়েছিলেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বার্তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য এবং তার প্রতি আনুগত্যের কারণেই এ মিথ্যা বিবৃতি দিয়েছিলেন বলে জানান কোহেন।
ট্রাম্পের অনুগত এ আইনজীবীর এক রুদ্ধদ্বার সাক্ষাৎকার গতবছর অক্টোবরে নিয়েছিলেন কংগ্রেসের তদন্তকারীরা। ওই সময় রিয়েল এস্টেট প্রজেক্ট নিয়ে রাশিয়ার সঙ্গে তার যোগাযোগের ব্যাপ্তিটাকে গুরুত্বহীনভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন কোহেন।
