২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল ক্রমাগত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করায় প্রশাসন থেকে সেখানকার হাজার হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 08:11 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

অঙ্গরাজ্যে প্রথমবারের মত দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানায়, কুইন্সল্যান্ড জুড়ে ১৩০টির বেশি জায়গায় দাবানল জ্বলছে। ঝড়ো বাতাস, দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে যেগুলো দিন দিন বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে।

কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটন অঞ্চলের গ্রেসমেয়ার শহর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। শহরটির দিকে দ্রুত বেগে ধেয়ে আসছে দাবানল।

বুধবার শহরের মেয়র বলেন, “আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতির মুখে পড়িনি। এখনে পরিস্থিতি বিপর্যয়কর পর্যায়ে আছে বললে কম বলা হয়। বরং আমরা ভয়ঙ্কর রকম অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছি।”

কর্তৃপক্ষ গ্রেসমেয়ার শহরের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে কাছের রকহ্যাম্পটন নগরীতে চলে যেতে বলেছেন।

কুইন্সল্যান্ডে দাবানল এরই মধ্যে আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ৩০টির বেশি স্কুলসহ অনেক প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।