বিচ্ছেদ মামলা: আদালতেই স্ত্রীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় অফ-ডিউটিতে থাকা এক পুলিশ বিচ্ছেদের মামলা চলাকালে আদালত প্রাঙ্গনেই স্ত্রী ও তার ভাইকে গুলি করে হত্যার পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন; তার অবস্থা আশঙ্কাজনক।
বন্দর নগরী ডারবানের আঞ্চলিক হাকিম আদালত প্রাঙ্গনে সোমবার চা বিরতির সময় এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, “সকাল ১১টার দিকে ওই ব্যক্তি তার স্ত্রী ও স্ত্রীর ভাইকে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
“অফ-ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মকর্তা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।”
চা বিরতির পর তাদের বিচ্ছেদ মামলার শুনানি আবার শুরু হওয়ার কথা ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ৩২ বছরের ওই ব্যক্তি কথা বলার ছলে তার স্ত্রীর দিকে এগিয়ে যান এবং সরাসরি গুলি করেন।
দক্ষিণ আফ্রিকায় সাধারণত আদালত প্রাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। সেখানে দর্শণার্থী ও আদালত কর্মীদের ‘মেটাল ডিক্টেটরের’ মধ্য দিয়ে যেতে হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ এক্সরে করা হয়।
শুধুমাত্রা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে প্রবেশের অনুমতি পান।
