আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের গাজনি নগরীতে বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
আফগান তালেবান মঙ্গলবারের এ হামলার দায় স্বীকার করেছে। গাজনি প্রদেশের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে।
হামলায় যুক্তরাষ্ট্রের একজন বেসামরিক কর্মকর্তাও আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানায় নেটো। বিবৃতিতে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি।
হামলার বর্ণনায় প্রাদেশিক সরকারের মুখপাত্র বলেন, মঙ্গলবার সকালে নগরীর শাহবাজ এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি সাঁজোয়াযান যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ হয়।
সোমবার থেকে আফগান সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গাজনি নগরীতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১ সেনা আফগানিস্তানে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন। দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা দায়িত্বরত আছেন।
