২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সীমান্তে চড়াও শরণার্থীদের ফেরত পাঠাবে মেক্সিকো

অবৈধভাবে সীমান্ত বেষ্টনি ভেঙে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা মধ্য আমেরিকার শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

রোববার অন্তত ৫শ’ শরণার্থীর একটি দল মেক্সিকোর টাইজুয়ানা থেকে মার্কিন সীমান্তে জড়ো হয়ে বেষ্টনি ভেঙে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টার সময় আটক হয়েছে। মার্কিন সীমান্ত পুলিশ তাদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়েছে।

ভিডিও ফুটেজে নারী ও শিশুসহ কয়েকশ মানুষকে সীমান্ত বেস্টনির দিকে ছুটতে এবং মার্কিন সীমান্ত কর্মকর্তাদেরকে তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে।

শরণার্থীরা সহিংস পন্থায় এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেছে অভিযোগে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ৫শ’ জন শরণার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা জানিয়েছে।

গত সপ্তাহজুড়ে প্রায় ৭ হাজার ৫শ’ শরণার্থীর আগমনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসব শরণার্থীর বেশিরভাগই এসেছে হন্ডুরাস থেকে। অন্যান্যরা এসেছে গুয়েতেমালা এবং এল সালভাদর থেকে।

দারিদ্র, নিপীড়ন ও সহিংসতার কারণে তারা দেশ ছেড়ে এসে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন বলে জানিয়েছেন। এসব শরণার্থী মধ্য আমেরিকা থেকে ৪ হাজারের বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাইজুয়ানাতে জড়ো হয়েছেন।