২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাশুগজি হত্যা: তুরস্কের ইয়ালোভা ভিলায় পুলিশের তল্লাশি

সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যার ঘটনা তদন্তের আওতায় তুরস্কের উত্তরপশ্চিমের প্রদেশ ইয়ালোভায় একটি বাগানবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

তদন্তকারীরা বিস্তৃত পরিসরে খাশুগজির দেহাবশেষ খুঁজছেন। আর এ কারণেই ইয়ালোভাসহ ইস্তাম্বুলের উপকণ্ঠে বনজঙ্গলে তুর্কি পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু সোমবার এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ইয়ালোভা প্রদেশের তেলমাল জেলার সামানলি গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজি। সম্প্রতি নিজের কয়েকটি কলামে সৌদি সরকারের সমালোচনা করেছিলেন তিনি। কনসুলেটে প্রবেশ করার পরপরই তাকে খুন করে সৌদি গোয়েন্দারা। খাশুগজির মৃতদেহ এখনও সনাক্ত হয়নি।

খাশুগজি হত্যাকাণ্ড বিষয়ে তদন্তের অংশ হিসেবে এর আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেট ভবন এবং কনসুলেট জেনারেলের বাসভবনে তল্লাশি চালিয়েছে তুর্কি পুলিশ।

গত মাসে রয়টার্স জানিয়েছিল, খাশুগজির মৃতদেহ খুঁজে বের করতে পুলিশ ইয়ালোভায় এবং ইস্তাম্বুলের কাছে একটি বনে তল্লাশি অভিযান চালিয়েছে।