গরুর শিং না রাখার পক্ষে ভোট সুইজারল্যান্ডে
গরুর শিং থাকবে কি-না সে প্রশ্নে সুইজারল্যান্ডে রোববারের গণভোটে শিং রাখার বিপক্ষে ভোট দিয়েছে জনগণ।
গণভোটের প্রাথমিক ফলে দেখা গেছে, গরুর শিং রাখার বিপক্ষে পড়েছে ৫৩ ভোট । আর পক্ষে পড়েছে ৪৭ ভোট।
তাছাড়া, গরুর শিং রাখা কৃষকদের অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাবও ভোটে প্রত্যাখ্যাত হয়েছে বলে রোববার জানিয়েছে সুইস সম্প্রচারমাধ্যম এসআরএফ।
গরুর শিং থাকা উচিত,না আগেই কেটে দেওয়া উচিত? এ নিয়ে সুইজারল্যান্ডে কৃষকদের মধ্যে চরম বিতর্কের পর এক কৃষকের উদ্যোগে প্রায় ৮ বছর পর দেশটিতে এ গণভোট হল।
গরুর শিং থাকা স্বাভাবিক হলেও সুইজারল্যান্ডে তা প্রযোজ্য নয়। দেশটিতে বেশিরভাগ গরুরই শিং নেই। বাছুর থাকা অবস্থাতেই তাদের শিং বিশেষ পদ্ধতিতে পুড়িয়ে দেয়া হয়, যেন আর বড় হতে না পারে।
শিং থাকলে মানুষ কিংবা প্রাণীর আহত হওয়ার আশঙ্কার কারণে সুইজারল্যান্ডে গরুর শিং রাখার নিয়ম নেই। কোনো কৃষক গরুর শিং রাখলে তারা সরকার থেকে ভর্তুকিও পায় না।
আর এসবের বিরুদ্ধেই বিদ্রোহ করে বসেন আরমিন কাপাউল নামের এক কৃষক। সুইজারল্যান্ডের গরুদের শিং ফিরিয়ে দিতে তিনি উদ্যোগ শুরু করেন ২০১০ সালে। কিন্ত তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।
পরে ২০১৪ সালে তিনি ‘গরুর শিং' নামে ফের নতুন উদ্যোগ শুরু করেন এবং সবাইকে অবাক করে দিয়ে তার পক্ষে ১ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করেন৷ সুইস আইন অনুযায়ী গণভোট আয়োজনের জন্য যত স্বাক্ষরের প্রয়োজন, এ সংখ্যা ছিল তার চেয়েও অনেক বেশি৷
গরুর শিং রাখার বিরোধী যারা তাদের বক্তব্য, শিংওয়ালা গরুতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা যেমন আছে তেমনি শিংওয়ালা গরু রাখতে জায়গাও বেশি লাগে। তাই শিং থাকা উচিৎ নয়।
তবে কৃষক আরমিনের সঙ্গে যারা সহমত তারা সবাই প্রকৃতিগতভাবে প্রাপ্ত গরুর রূপ ঠিক রাখার পক্ষে। গরুদের শিং ফেলে দেওয়া অমানবিক বলে মনে করেন তারা।
তাছাড়া, আরমিন মনে করেন, শিং দিয়েই গরুরা যোগযোগ করতে পারে। শিং কেটে দিলে তাদের শরীরবৃত্তীয় কাজেও এর প্রভাব পড়বে, কারণ শিং তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
আর যে সব চাষী গরুর শিং কাটেন না, তাদের গরু রাখতে গোয়ালে বেশি জায়গা লাগার কারণেই কৃষকদের জন্য এ অর্থ সাহায্য দাবি করেছিলেন আরমিন।কিন্তু সুইস সরকার এ অর্থ সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
