উগান্ডায় প্রমোদতরী ডুবে নিহত ২৯
উগান্ডার লেক ভিক্টোরিয়ায় ঝড়ো বাতাসের কবলে পড়ে একটি প্রমোদতরী ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
মুকোনো জেলার ওই লেকে শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নৌকায় ৮৪ জন আরোহী ছিলেন।
পুলিশের মুখপাত্র প্যাট্রিক অনইয়াংও বলেন, “নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। তার উপর খারাপ আবহাওয়ায় পড়ে সেটি ডুবে যায়।”
এখন পর্যন্ত ডুবে যাওয়া নৌকার ২৬ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। যদিও আগে পুলিশ ৪০ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছিল।
সংখ্যার গড়মিল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়তো উদ্ধার আরোহীদের কেউ কেউ পুলিশের কাছে নাম লেখাননি।
“আমাদের উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।”
উদ্ধার আরোহীদের মধ্যে একজন প্রিন্সও আছেন। তার নাম দাউদি কিনতু ওয়াসাজ্জা। তিনি বুগান্ডা কিংডমের রাজা রোনাল্ড মুতেবির ভাই।
পূর্ব আফ্রিকার দেশগুলোতে এখনও বেশ কিছু রাজত্বের অস্তিত্ব রয়েছে। সামাজিক ভাবে তারা সম্মানিত হলেও রাজনীতিতে তাদের তেমন কোনো প্রভাব নেই।
