খাশুগজি: সিআইএর মূল্যায়ন নিয়ে সন্দেহে জ্যেষ্ঠ সৌদি প্রিন্স
তুরস্কের সৌদি কনসুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ নির্দেশ দিয়েছিলেন, সিআএই-র এ মূল্যায়ন নির্ভরযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এক সৌদি প্রিন্স।
শনিবার আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তুর্কি আল ফয়সাল এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“পরিস্থিতির মূল্যায়নে সিআইএর নির্ভুলতা সর্বোচ্চ মানের নয়। এরকম অনেক উদাহরণ আছে,” বলেন সৌদি গোয়েন্দা সংস্থার এ সাবেক প্রধান।
রাজপরিবারের এ প্রভাবশালী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতও ছিলেন।
সিআইএর মূল্যায়নের ওপর সন্দেহের কথা জানাতে গিয়ে ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের আগে ইরাকে রাসায়নিক অস্ত্র বিষয়ে তাদের প্রতিবেদনের দিকেও ইঙ্গিত করেন ফয়সাল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেসময় ইরাকে প্রাণঘাতি অস্ত্র থাকতে পারে বলে ধারণা দিয়েছিল; পরে তা ভুল প্রমাণিত হয়।
“সেটি ছিল বড় ধরনের ভুলের জাজ্বল্য প্রমাণ, যা একটা পুরো মাত্রার যুদ্ধ ও হাজার হাজার লোককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল,” নিউ ইয়র্কভিত্তিক বৈরুত ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে বলেন জ্যেষ্ঠ এ সৌদি প্রিন্স।
“যুক্তরাষ্ট্র কেন সিআইএকে কাঠগড়ায় দাঁড় করায় না, তার কারণ খুঁজে পাইনা আমি। ইস্তাম্বুলের কনসুলেটে কী হয়েছে, কে কী করেছে, কে দায়ী, কে নয়, এ বিষয়ে এটিই আমার উত্তর,” বলেছেন তুর্কি আল ফয়সাল।
গত মাসে তুরস্কের সৌদি কনসুলেটের ভেতরে সাংবাদিক খাশুগজিকে হত্যায় ক্রাউন প্রিন্সের নির্দেশ বিষয়ক সিআইএর মূল্যায়নের খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
খাশুগজি এ মার্কিন সংবাদমাধ্যমেই কলাম লিখতেন।
সিআইএ তার মূল্যায়নের বিস্তারিত প্রেসিডেন্ট, কংগ্রেসসহ যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য অংশকে জানিয়েছে বলে গত সপ্তাহে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে কোনো উপসংহারে পৌঁছায়নি, তবে ‘কী পদ্ধতিতে ঘটনাটি ঘটে থাকতে পারে, সে বিষয়ে ধারণা দিয়েছে’।
বৃহস্পতিবার তুরস্কের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদই যে খাশুগজিকে ‘নিশ্চুপ’ করিয়ে দিতে নির্দেশনা দিয়েছিলেন, সে সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং সিআইএর কাছে আছে বলে সংস্থাটির পরিচালক জিনা হাসপেল তুর্কি কর্মকর্তাদের জানিয়েছেন।
ব্যক্তিগত প্রয়োজনে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর খাশুগজিকে মেরে ফেলতে সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই নির্দেশ এসেছিল বলে অভিযোগ আঙ্কারার।
প্রথমে রিয়াদ এ বিষয়ে নানান পরস্পরবিরোধী কথা বললেও শেষে জানায়, খাশুগজিকে সৌদি আরব নিয়ে আসতে রাজি করানোর চেষ্টার এক পর্যায়ে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে; পরে তার মৃতদেহও সরিয়ে ফেলা হয়।
সৌদি আরবের সরকারি কৌঁসুলিরা এরই মধ্যে খাশুগজি হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত পাঁচ সন্দেহভাজনের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছেন বলেও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
হত্যাকাণ্ড সম্পর্কে ক্রাউন প্রিন্স মোহাম্মদ কোনোভাবেই অবগত ছিলেন না বলেও দাবি সৌদি কৌঁসুলিদের।
ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজি হত্যার ঘটনাটি সৌদি আরবকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ফেলেছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।
পরিস্থিতি মোকাবেলায় পরে বাদশাকেই মাঠে নামতে হয়। ভাবমূর্তি পুনরুদ্ধারে ক্রাউন প্রিন্স মোহাম্মদ এখন ভ্রাতৃপ্রতীম বিভিন্ন আরব দেশও সফর করছেন।
