ফরাসি বাহিনীর অভিযানে মালির শীর্ষ জঙ্গি নিহত
ফরাসি বাহিনীর এক অভিযানে মালির অন্যতম এক শীর্ষ জঙ্গি নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে মালির সেনাবাহিনী।
শুক্রবার মধ্যাঞ্চলীয় মোপতি অঞ্চলে চালানো অভিযানে শীর্ষ জঙ্গি আমাদৌ কৌফা নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।
এর আগে ফ্রান্স জানিয়েছিল, ওই অভিযানে নিহত প্রায় ৩০ জন জঙ্গির মধ্যে সম্ভবত কৌফাও আছেন।
কট্টরপন্থি এই ইমামকে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য বলে বর্ণনা করা হয়েছে। এই গোষ্ঠীটি প্রায়ই মালি ও প্রতিবেশী বুরকিনা ফাসোতে হামলা চালিয়ে থাকে।
মালি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দিয়ারান কোনে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ওই অভিযানে আমাদৌ কৌফা নিহত হয়েছেন এটি নিশ্চিত করছি আমি।”
তবে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি তিনি।
এর আগে ফরাসি বাহিনী জানিয়েছিল, তাদের অভিযানে কৌফার নিয়ন্ত্রিত এক ঘাঁটিকে লক্ষ্যস্থল করা হয়েছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশিত এসব প্রতিবেদন সম্পর্কে জেএনআইএমের পক্ষ থেকে প্রকাশ্য কোনো মন্তব্য আসেনি।
মালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা ২০১২ সালে জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। কিন্তু পরের বছর ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক অভিযান তাদের ওই এলাকা থেকে পেছনে হটিয়ে দেয়। কিন্তু তারপরও মালির কিছু কিছু অঞ্চল সরকারি নিয়ন্ত্রণের বাইরেই রয়ে যায়।
মালির অস্থিরতা কবলিত ওই অঞ্চলগুলোতে জঙ্গিদের বিদ্রোহ দমনের জন্য সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স সেখানে কয়েক হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে।
