২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলসোনারোর মন্তব্য, ব্রাজিল থেকে চিকিৎসক ফিরিয়ে নিচ্ছে কিউবা

কিউবা ব্রাজিলে কর্মরত তাদের চিকিৎসকদের দেশে ফিরে আসতে নির্দেশনা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 12:28 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

চলতি বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী কট্টর দক্ষিণপন্থি জাইর বোলসোনারোর এক মন্তব্যের জেরে হাভানা এ সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে বিবিসি।

ডানপন্থি বোলসোনারো ব্রাজিলে কাজ করা কিউবান চিকিৎসকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ওই চিকিৎসকদের প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ কিউবার কমিউনিস্ট সরকার রেখে দেয়; তাদেরকে এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি।

বোলসোনারোর এ বক্তব্যকে ‘অবমাননাকর’ অ্যাখ্যা দিয়ে হাভানা তাদের চিকিৎসকদের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আসতে বলে।

শুক্রবার চিকিৎসকদের প্রথম দলটি কিউবায় পৌঁছালে দেশটির উপ স্বাস্থ্য মন্ত্রী তাদের অভ্যর্থনা জানান।

ব্রাজিলের সরকারও কিউবার চিকিৎসকদের দেশে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছে।

কিউবার চিকিৎসকদের জায়গায় দেশি চিকিৎসকদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানিয়েছে তারা।

দুর্গম এলাকায় চিকিৎসা সেবা দিতে ব্রাজিলের চিকিৎসকদের অনীহার কারণেই ‘মোর ডক্টরস’ কর্মসূচির আওতায় কিউবা থেকে চিকিৎসক নিয়ে আসা হয়েছিল।

মোট ৬৭টি দেশে কিউবার এ কর্মসূচি চলছে। এর আওতায় প্রায় ৮ হাজার চিকিৎসক ব্রাজিলের ৩০ লাখ নাগরিককে সেবা দিচ্ছিলেন।

হাভানা এদের ফিরিয়ে নেওয়ায় ব্রাজিলের স্বাস্থ্যসেবায় বাজে প্রভাব পড়বে বলেও আশঙ্কা অনেকের।