২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনস্যুলেটে হামলার নিন্দায় চীন, ঘটনা তদন্ত করছে পাকিস্তান

পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইসলামাবাদকে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে চীন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 07:26 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

শুক্রবার কনস্যুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।

এ ঘটনার পরই এক বিবৃতিতে এর নিন্দা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং।

বিবৃতিতে বলা হয়েছে, “চীন তাদের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং পাকিস্তানকে তাদের দেশের চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে।”

গেং জানান, তিন ব্যক্তি কনস্যুলেটে ঢুকে পড়তে চেয়েছিল। পাকিস্তানের পুলিশ পরে তাদেরকে হত্যা করে। এতে কনস্যুলেটের স্টাফরা রক্ষা পেয়েছে।

তবে হামলায় নিহত দুই পাকিস্তানি পুলিশের জন্য সমবেদনাও প্রকাশ করেন গেং। হামলার দায় স্বীকার করা বেলুচিস্তানের চীনা বিনিয়োগ বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা মুখপাত্র বলেন, “আমি যতটুকু জানি, পাকিস্তানের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, “তিনি ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর পেছনে জড়িতদের খুঁজে বের করার সংকল্প ব্যক্ত করেছেন।”

এ হামলা চীনের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা ক্ষুন্ন করারই ষড়যন্ত্র; তবে এমন ঘটনা চীন-পাকিস্তান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাকিস্তানে শত শত কোটি ডলারের বিনিয়োগ করে আসছে চীন। ৬ হাজার কোটি ডলার ব্যয়ে তৈরি হচ্ছে চীন-পাকিস্তান ইকোনোমিক করিডর।

চীনের সিনজিয়াংয়ের কাশগরের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সংযোগ স্থাপন করবে এ করিডর। কিন্তু বেলুচিস্তানের স্থানীয় লোকজন এবং বিচ্ছিন্নতাবাদীরা এ প্রকল্পের বিরোধিতা করছে।