২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাশুগজি হত্যায় ক্রাউন প্রিন্সকে দায়ী করেনি সিআইএ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিআইএ তাদের মূল্যায়নে সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায় দেয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 11:18 AM

Updated : 08 Apr 2022, 07:22 PM

ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্র মার-আ-লগোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন, জানিয়েছে বিবিসি।

ব্যক্তিগত প্রয়োজনে গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনসুলেটে গিয়েছিলেন রাজপরিবারের বিভিন্ন নীতির সমালোচক হিসেবে পরিচিত খাশুগজি। এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই।

সৌদি গুপ্তচররা ওই কনসুলেটের ভেতরেই তাকে মেরে ফেলেছে বলে প্রথম থেকে দাবি করে আসছে আঙ্কারা। শুরুর দিকে উড়িয়ে দিলেও রিয়াদ পরে কনসুলেটের ভেতর খাশুগজি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেয়।

এ ঘটনার সঙ্গে ক্রাউন প্রিন্সের কোনো যোগসাজশ নেই বলে সৌদি আরব দাবি করলেও মার্কিন কর্মকর্তারা বলছেন, মোহাম্মদ বিন সালমানের নির্দেশ ছাড়া এ ধরনের কিছু হওয়া একেবারেই অসম্ভব।

সর্বশেষ সিআইএর মূল্যায়নেও কনসুলেটের ভেতর সাংবাদিক মেরে ফেলার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সকে দায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

ট্রাম্প জানাচ্ছেন ভিন্ন কথা।

“তারা উপসংহার টানেনি।আমার কাছে প্রতিবেদনটি আছে। আমি জানি না, কিভাবে কেউ উপসংহারে পৌঁছাবে যে ক্রাউন প্রিন্সই এটা করেছে,” বলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য খাশুগজি হত্যাকাণ্ডের পর থেকেই সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা অটুট রাখার ওপর জোর দিচ্ছিলেন।

গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প সাংবাদিক হত্যার বিষয়টি ক্রাউন প্রিন্স ‘ভালোভাবেই অবগত ছিলেন’ বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

“মর্মান্তিক ওই ঘটনার বিষয়টি ক্রাউন প্রিন্স হয়তো ভালোভাবেই জানতেন। হয়তো জানতেন, হয়তো না,” বলেছিলেন তিনি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, খাশুগজি হত্যাকাণ্ডের সঙ্গে ক্রাউন প্রিন্সের সরাসরি যোগ আছে এমন সুস্পষ্ট প্রমাণ পাওয়া না গেলেও খুনের ঘটনায় মোহাম্মদের যে সায় ছিল, তা ‘অনেকটাই নিশ্চিত’।

সৌদি আরব এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, খুনের পরিকল্পনা সম্পর্কে ক্রাউন প্রিন্স কিছুই জানতেন না।

বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত জানিয়েছে, গত মাসে সিআইএ প্রধান জিনা হাসপেল তাদের কাছে একটি অডিও রেকর্ডিং থাকার কথা তুর্কি কর্মকর্তাদের জানিয়েছিলেন। ওই রেকর্ডিংয়ে সৌদি ক্রাউন প্রিন্স সাংবাদিক জামাল খাশুগজিকে ‘নিশ্চুপ’ করে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

মার-আ-লগোতে মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এ নিয়ে কথা বলতে চাই না। আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন।”

বৃহস্পতিবার থেকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ মিত্র আরব দেশগুলো সফরে বেরিয়েছেন। আরব আমিরাত দিয়ে তার এ আঞ্চলিক সফর শুরু হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

খাশুগজি হত্যাকাণ্ডের পর এটিই সৌদি আরবের অন্যতম ক্ষমতাধর এ ব্যক্তির প্রথম বিদেশ সফর, বলছে বিবিসি।

মোহাম্মদ এ মাসের শেষদিকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হতে যাওয়া জি-২০ সম্মেলনেও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানেই তার সঙ্গে তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

খাশুগজি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো ফ্রান্সও ১৮ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সুইডেনসহ বেশ কয়েকটি দেশ রিয়াদে অস্ত্র বিক্রির চুক্তিও স্থগিত রেখেছে।

যে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এর মধ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ নেই বলে ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।