অস্ট্রেলিয়ায় ধূলিঝড়, স্বাস্থ্য সতর্কতা জারি
শক্তিশালী ধূলিঝড়ের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। ধূলায় কমলা রঙ হয়েছে আকাশ।
বৃহস্পতিবার এ ধূলিঝড়ের কারণে সিডনি শহরে বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
শহরের ৫শ’ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়া ধূলার কারণে অনেক ফ্লাইটে বিলম্ব হয়েছে। নিউ সাউথ ওয়েলসসহ বহু স্থানেই চারিদিক ধুলায় ঢাকা পড়ায় কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না বাসিন্দাদের।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাসের সঙ্গে শুষ্ক মাটি মিশে এ ধূলিঝড় তৈরি হয়েছে। গোটা রাজ্যে গত অগাস্ট থেকে খরার কারণে পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো।
বাতাসে বিপজ্জনক মাত্রায় ধূলার উপস্থিতি থাকায় এলাকার বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ।
ধূলার কারণে বৃহস্পতিবার শ্বাসকষ্ট এবং অ্যাজমার মত সমস্যার কথা বেশ কয়েকজন জানিয়েছেন বলে জানান স্বাস্থ্যকর্মীরা। তবে কত সংখ্যক মানুষ ধূলার কারণে এমন স্বাস্থ্য সমস্যায় পড়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।
সিডনিতে ধূলায় আকাশ ছেয়ে গেছে। কয়েকটি শহরতলীতে বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছেছে। স্বাস্থ্য কর্মকর্তারা স্থানীয় লোকজন বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্তদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
