গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত
গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় পবর্তটির আশপাশের এলাকা থেকে প্রায় চার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার এ্যান্টিগুয়া শহরের দক্ষিণপশ্চিমের এই আগ্নেয়গিরিটি থেকে ফের ছাই ও লাভার উদগীরণ শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।
এরপর দমকল কর্মীদের সহায়তায় আগ্নেয়গিটির ঢালে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। এদের অনেকে স্থানীয় একটি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
জুনে এই আগ্নেয়গিরিটির ভয়াবহ অগ্ন্যুৎপাতের সময় উদগীরিত লাভা ও ছাইয়ে চাপা পড়ে প্রায় ২০০ জন নিহত হয়েছিল। তখন আগ্নেয়গিরির গা বেয়ে নেমে আসা দ্রুত ধাবমান পাইরোক্ল্যাস্টিকের প্রবাহে নিকটবর্তী এল রোদেও ও সান মিগুয়েল লোস লোতেসসহ অনেক এলাকা চাপা পড়েছিল।
ফুয়েগো লাতিন আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। ৩,৭৬৩ মিটার উঁচু (১২,২৫০ ফুট) এই আগ্নেয়গিরিটির লাভা এর গহ্বর থেকে ৫০০ মিটার উঁচুতে উঠে যাচ্ছে বলে জানিয়েছেন আগ্নেয়গিরি বিশারদরা। লাভা ওই গহ্বর থেকে এক কিলোমিটার বা ৩,২৮০ ফুট উঁচুতে উঠে যেতে পারে বলে জানিয়েছেন তারা।
উদগীরিত লাভা অনেক দূর থেকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
