২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জাতীয়তাবাদের জোয়ারে ছড়াচ্ছে ভুয়া খবর

ভারতে জাতীয়তাবাদের জোয়ারের কারণে দেশজুড়ে সাধারণ নাগরিকদের ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2018, 07:41 PM

Updated : 08 Apr 2022, 07:19 PM

গবেষণায় দেখা গেছে, জাতীয়তাবাদী আবেগের কারণে জাতীয় পরিচয়কে বড় করে তুলে ধরার অভিপ্রায় থেকে কেউ কেউ কোনো খবরের সত্যতাকে গুরুত্ব না দিয়েই তা প্রচার করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে বামপন্থি সংগঠনগুলোর তুলনায় ডানপন্থি সংগঠনগুলোই জাতীয়তাবাদী আবেগে ভরা ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে বেশি সংগঠিতভাবে কাজ করে।

টুইটার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপোর্ট নেটওয়ার্কেও একে অপরের সূত্র থেকে ভুয়া খবর প্রকাশ হচ্ছে।

ভারত, কেনিয়া এবং নাইজেরিয়ায় সাধারণ নাগরিকদের ফোনের ব্যবহার এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার পর গবেষকরা এ তথ্য পেয়েছেন।

গবেষণায় অংশগ্রহণকারীরা বিবিসি’র গবেষকদেরকে ৭ দিনে তাদের ফোনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখার অনুমতি দিয়েছে। এ কয়দিনে তারা ফোনে কী শেয়ার করেছে, কাকে শেয়ার করেছে এবং কত ঘন ঘন শেয়ার করেছে সেগুলোই পর্যবেক্ষণ করেছেন গবেষকরা।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান ‘বিয়ন্ড ফেক নিউজ’ অনুষ্ঠানের অংশ হিসেবে এ গবেষণা পরিচালিত হয়। বিশ্বব্যাপী বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়া খবর কিভাবে মানুষকে প্রভাবিত করে তা খতিয়ে দেখাই গবেষণার লক্ষ্য।

গবেষকরা বলেছেন, ভারত, কেনিয়া এবং নাইজেরিয়া তিনটি দেশের জনগণেরই মূলধারার সংবাদমাধ্যমের ওপর পর্যাপ্ত আস্থা নেই। তাই তারা বিকল্প সূত্র থেকে আসা তথ্য কোনো ধরনের যাচাই ছাড়াই ছড়িয়ে দিচ্ছে। সত্য খবর প্রচারে সহযোগিতা করা হচ্ছে- এমন ধারণা থেকেই এ ভুয়া সংবাদ ছড়াচ্ছে তারা।

তাদের বিশ্বাস, এভাবে খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রকৃত সত্যই সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি তারা নিজেদের বিবেচনার উপর এতটাই বিশ্বাসী যে, খবরটি ভুয়া হতে পারেই না বলে ধরে নেয়।

২০১৮ সালে ডিজিটাল তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ সমস্যা আরো প্রকট হয়েছে। বিবিসি’র গবেষণায় অংশগ্রহণকারীরা ভুয়া খবরের সত্যিকারের উৎস খোঁজার চেষ্টা একেবারে করেননি বললেই চলে। বরং তারা কয়েকটি বিষয় লক্ষ্য করেই তথ্যকে বিশ্বাসযোগ্য ধরে নিয়েছেন।

এ সম্পর্কে বলা যায়, ফেইসবুক পোস্টে একাধিক মন্তব্য, পোস্ট করা ছবির ধরণ অথবা প্রেরক ছাড়াও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে বার্তা পেলে তা বিশ্বাসযোগ্য মনে হতে পারে এবং যাচাই-বাছাই ছাড়াই সেগুলো পাঠানো হয়ে থাকতে পারে।

টুইটার, ফেইসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার কারণে ভারতে সম্প্রতি বেশ কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে। বিবিসি’র গবেষণা অনুযায়ী, গত বছর ভারতে অন্তত ৩২ জনকে ভুয়া খবরের বলি হতে হয়েছে।