স্ট্রবেরিতে সূচ: অস্ট্রেলিয়ায় ৫০ বছর বয়সী নারী আটক
অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে সূচ পাওয়ার ঘটনায় ৫০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির পুলিশ।
মাসখানেকেরও বেশি সময় ধরে চলা ‘জটিল ও বিস্তৃত’ তদন্ত শেষে এ সন্দেহভাজনকে আটক করা হয়, বলছে তারা।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ওই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর সোমবার তাকে ব্রিসবেনের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে বিবিসি।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলো থেকে বিক্রি হওয়া স্ট্রবেরির প্যাকেটে সেলাইয়ের সূচ পাওয়া যাওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
স্ট্রবেরি খাওয়ার পর পেটে ব্যথা নিয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ফলের মধ্যে সূচ পাওয়ার বিষয়টি বেরিয়ে আসে। গলায় আটকে যাওয়া সূচ নিয়েও এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো।
এরপর বিভিন্ন ফলে পিন ও সূচ পাওয়ার শতাধিক অভিযোগ উঠলে জড়িতদের শাস্তির আওতায় আনতে তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।
জড়িতদের সম্পর্কে কেউ তথ্য দিলে তাকে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় কুইন্সল্যান্ডের রাজ্য সরকার।
নিউজিল্যান্ডেও ফলের মধ্যে সূচ পাওয়ার একটি অভিযোগ পাওয়া যায়।
“বিভিন্ন সরকার, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত তদন্তে তাকে (৫০ বছর বয়সী নারী) গ্রেপ্তার করা হয়,” বিবৃতিতে জানায় অস্ট্রেলীয় পুলিশ।
গ্রেপ্তার নারী এবং তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হচ্ছে তার বিস্তারিত জানা যায়নি।
