তুরস্কে অস্ত্রাগারে বিস্ফোরণে ৭ সৈন্য নিহত
তুরস্কের একটি অস্ত্রাগারে বিস্ফোরণে সাত সৈন্য নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইরাক ও ইরান সীমান্তের নিকটবর্তী সেমদিনলি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে হাক্কারির গভর্নর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে।
প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, “বিস্ফোরণে আমাদের সাত সৈন্য শহীদ ও ২৫ সৈন্য আহত হয়েছেন।”
কর্মকর্তারা বিস্ফোরণস্থল পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ভারী গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ২৫ সৈন্য আহত হয়েছেন।
এদিকে উত্তর ইরাকে তুরস্কের যুদ্ধবিমানগুলোর হামলায় নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১৫ যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে শনিবার এক টুইটে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ওই বিমান অভিযানে পিকেকের গোপন আস্তানা ও অস্ত্রগুদাম ধ্বংস হয়েছে বলেও ওই টুইটে দাবি করা হয়েছে।
উত্তর ইরাকের গারা, জাপ ও আভাসিন-বাসিয়ান অঞ্চলে হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী। পিকেকের যোদ্ধারা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এমন ধারণার কথাও জানিয়েছে তারা।
