সিরিয়ার রুকবান ক্যাম্পে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকবহর
জর্ডান সীমান্তের কাছে সিরিয়ার মরুভূমিতে অসহায় অবস্থায় পড়ে থাকা কয়েক হাজার মানুষের আশ্রয়স্থল একটি ক্যাম্পে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকবহর হাজির হয়েছে।
ওই ট্রাকবহর শনিবার রুকবান শরণার্থী শিবিরে পৌঁছেছে বলে জানিয়েছেন শিবিরটির স্থানীয় পরিষদের এক সদস্য, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এই স্থানীয় পরিষদ রুকবান শিবিরটি পরিচালনা করে এবং তারা জাতিসংঘের মানবিক ত্রাণবহরটির বিষয়ে সহযোগিতা দিচ্ছে।
স্থানীয় পরিষদের আবু আব্দুল্লাহ নামের ওই সদস্য বলেছেন, “প্রথম বহর শিবিরে প্রবেশ করেছে।”
জাতিসংঘ জানিয়েছে, তারা রুকবান শিবিরের ৫০ হাজার বাসিন্দার জন্য খাবার, পুষ্টি ও স্বাস্থ্য সহায়তা, জঞ্জাল সাফাই ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি সরবরাহ করেছে।
বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এই এলাকাটিতে এসব সরবরাহ বিলি করতে তিন থেকে চার দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ান আরব রেড ক্রিসেন্টও ওই বহরের সঙ্গে আছে। এই সংস্থাটি শিবিরের ১০ হাজার শিশুকে জরুরিভিত্তিতে হাম, পোলিও ও অন্যান্য রোগের টিকা দিবে বলে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে।
সিরিয়ায় মানবিক ত্রাণ সহায়তা সংক্রান্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আলি আল জাতারি বলেছেন, “অতি প্রয়োজনীয় এই ত্রাণ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও রুকবানে বসবাস করা বহু বেসামরিকের জন্য একটি দীর্ঘমেয়াদি সমাধান বের করা দরকার।”
রুকবান শরণার্থী শিবিরটি সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্তের কাছে মরুভূমিতে অবস্থিত। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এই শিবিরটির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তানফ ঘাঁটিটির অবস্থান।
শেষবার জানুয়ারিতে এই শিবিরটিতে জাতিংঘের বহর ত্রাণ নিয়ে গিয়েছিল।
গত মাসে শিবিরটির সিরিয়ার পাশের সীমান্ত সিরিয়ার সেনাবাহিনী পুনরুদ্ধার করে। এতে ব্যবসায়ী ও চোরকারবারীদের পক্ষে শিবিরটিতে আর কোনো কিছু সরবরাহ করা সম্ভব হয়নি।
এই এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও সিরিয়ার সেনাবাহিনী জর্ডানের সীমান্ত ঘেঁষা এই শিবিরটি ঘিরে ফেলেছে।
জানুয়ারিতে জর্ডানের ভিতরে দিয়ে শিবিরটিতে ত্রাণ সরবরাহ করা হলেও তারপর থেকে দেশটি এ ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ওই শিবিরের পরিস্থিতির দায় তারা নিবেনা বলে জানিয়ে দিয়েছে জর্ডান।
এক সপ্তাহ আগে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের অনুমতি পেয়ে জাতিসংঘের ত্রাণের ট্রাকগুলো রুকবান শিবিরে ত্রাণ সরবরাহ করার প্রস্তুতি নেয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে খাবার ও ওষুধের সংকটে শিবিরটির অন্তত এক ডজন বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
