২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালক-যাত্রী মারামারি, চীনে বাস নদীতে

চীনের চংকিংয়ে সেতুর রেলিং ভেঙ্গে একটি বাস ইয়াংজি নদীতে পড়ে যাওয়ার ঠিক আগে এক নারী যাত্রীর সঙ্গে চালকের হাতাহাতি হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 02:43 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

গত রোববারের ওই দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ আছেন দুই যাত্রী।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, বিপরীত দিক থেকে আসা অন্য একটি যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

কিন্তু বাসের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন্য কথা বলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিপুলস ডেইলির প্রকাশ করা ভিডিওতে মাঝ বয়সের এক নারীকে প্রথমে নিজের মোবাইল দিয়ে চালককে আঘাত করতে দেখা যায়। একহাতে স্টিয়ারিং ধরে চালক ওই নারীকে পাল্টা আঘাত করেন।   

দ্রুতগতিতে চলতে থাকা বাসটি তারপরই বিপরীত লেনের দিকে ঘুরে যায় এবং সেতুর রেলিংয়ের সঙ্গে সংঘর্ষ হয়।

চালক-যাত্রীর এই মারামারিই দুর্ঘটনার কারণ বলে জানায় পুলিশ।

চীনের সংবাদমাধ্যম ওই নারীর নাম লিউ (৪৮) বলে জানায়। তিনি যে বাসস্টপে নামবেন সেটি পেরিয়ে যাওয়ায় তিনি চালকের উপর ক্ষুব্ধ হয়ে তাকে বাস থামাতে বলেন।

চালক রাজি না হলে তিনি মোবাইল দিয়ে চালককে আঘাত করেন।

বিবিসি জানায়, বুধবার রাতে নদীর ৭১ মিটার গভীর থেকে বাসটি টেনে তোলা হয়।

অনলাইনে দুর্ঘটনার আগ মুহূর্তের ভিডিওটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে আলোচনার ঝড় উঠেছে।

দুর্ঘটনার জন্য কেউ কেউ যাত্রীকে আবার কেউ চালককে দায়ী করছেন।

একজন লেখেন, “যদি আমরা কোনো যাত্রীকে বাস চালকের সঙ্গে ঝগড়া করতে দেখি তবে  চুপ থাকা উচিত না।”

কেউ কেউ যাত্রীরা যেন চালককে বিরক্ত করতে না পারেন যে জন্য আইন করার পরামর্শ দিয়েছেন।