২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়া বিবি খালাস: কট্টরপন্থিদের সমালোচনা ইমরানের

পাকিস্তানের সর্বোচ্চ আদালত ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড পাওয়া এক খ্রিস্টান নারীকে খালাস দেওয়ার পর কট্টরপন্থিদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 10:59 AM

Updated : 08 Apr 2022, 07:15 PM

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন, খবর বিবিসির।

ভাষণে কট্টরপন্থিদের আক্রমণ করে ‘তারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য লোকজনকে উস্কানি দিচ্ছ’ বলে অভিযোগ করেন ইমরান। কট্টরপন্থিরা ‘ইসলামের কোনো সেবা করছে না’ বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তানের কট্টরপন্থিরা কঠোর ব্লাসফেমি আইনের পক্ষে। আসিয়া বিবির খালাসের রায়ের পর প্রতিবাদে তারা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

আসিয়া বিবির আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, নিরাপত্তার জন্য তাকে বিদেশে সরিয়ে নেওয়া দরকার।

প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার সময় আসিয়া বিবি নবী মোহাম্মদের (সাঃ) নামে কটুক্তি করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। ব্লাসফেমি আইনে দোষী সাব্যস্ত খ্রিস্টান এ নারীকে ২০১০ সালে মৃত্যুদণ্ড দেয় লাহোর হাইকোর্ট।

আসিয়া শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। গত ৮ বছর ধরে তাকে কারাগারের নির্জন প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে।

আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার দেওয়া রায়ে তাকে খালাস দেন। এর পরপরই করাচি, লাহোর, পেশাওয়ার ও মুলতানে বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলে খবর হয়।

কট্টরপন্থি তেহলিক ই লাবিক পার্টির নেতা মুহাম্মদ আফজাল কাদরি সর্বোচ্চ আদালতের তিন বিচারকের ‘মৃত্যুদণ্ড প্রাপ্য’ বলে ঘোষণা করেন।

এসব ঘটনার জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন এলাকা (সুপ্রিম কোর্টের অবস্থান যেখানে) সিল করে দিয়েছে পুলিশ।

বুধবার রাতে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী ইমরান বলেন, “এভাবে বিক্ষোভের মাধ্যমে ব্ল্যাকমেইল করলে কোন সরকার চলতে পারে? আর এর জন্য কারা দুর্ভোগ পোহাচ্ছে?

“আমাদের পাকিস্তানিরা। সাধারণ লোকজন, গরিবরা। আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনারা লোকজনের জীবনজীবিকা ছিনিয়ে নিচ্ছেন। এটা ইসলামের সেবা নয়, এটা রাষ্ট্রের সঙ্গে শত্রুতা।

“শুধু রাষ্ট্রবিরোধীরাই এমনভাবে কথা বলে, বিচারকদের হত্যা করো, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু করো। এরা শুধু এদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে।”

আসিয়া বিবিকে চলতি সপ্তাহেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। মুক্তি পাওয়ার পর তার পরিকল্পনা কী তা জানা যায়নি।

তার আইনজীবী সাইফুল মুল্লুক জানিয়েছেন, এই রায়ের পর নিজেকে রক্ষার জন্য তার পশ্চিমা কোনো দেশে চলে যাওয়া উচিত।

বেশ কয়েকটি দেশ আসিয়া বিবিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে। মুক্তি পাওয়ার পর তিনি ও তার পরিবার পাকিস্তান ছাড়বেন বলে ধারণা অনেকের।