‘মা, আমি হয়ত মারা যাব’, মাও হামলার মুখে মর্মস্পর্শী বার্তা
“মা! আমি তোমাকে ভালবাসি। মাওবাদীদের হামলার মুখে পড়েছি। হয়ত মারা যাব।” মাওবাদীদের চোরাগোপ্তা হামলার মুখে মোবাইলে এমনই মর্মস্পর্শী বার্তা দিয়েছেন ভারতের দূরদর্শনের ক্যামেরাম্যান মোরমুক্ত শর্মা। কিন্তু ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে ফেরেন তিনি।
মঙ্গলবার ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ায় নির্বাচনের খবর কভার করতে দিল্লি থেকে সেখানে যান দূরদর্শনের তিন কর্মী। এদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক, নাম ধীরজ কুমার। আরেকজন ছিলেন ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাউ এবং তৃতীয়জন মোরমুক্ত শর্মা ছিলেন তার সহকারী ক্যামেরাম্যান।
স্থানীয় পুলিশ আগে থেকেই এলাকায় টহল দিচ্ছিল। পরে দূরদর্শনের কর্মীরা পুলিশ সঙ্গে নিয়েই সংবাদ সংগ্রহের কাজে গেলে দলটির ওপর হামলা চালায় মাওবাদীরা।
ঝাঁকে ঝাঁকে ছুটে আসা গুলিতে চোখের সামনে সহকর্মীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন মোরমুক্ত শর্মা। চারপাশে মাওবাদীদের ঘেরাটোপের মাঝে পড়েছিলেন তারা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অচ্যুতানন্দ সাউয়ের। নিহত হন আরও দুই পুলিশকর্মীও।
সহকর্মীকে মরতে দেখে আতঙ্কিত শর্মা তার মৃত্যুও নিশ্চিত আশঙ্কায় জঙ্গল থেকেই মা’য়ের উদ্দেশে ফোনে ওই ভিডিও বার্তা রেকর্ড করেন।
চারপাশে গুলির আওয়াজের মধ্যে শর্মা মাটিতে উপুড় হয়ে শুয়ে ফোনের ভিডিয়ো চালু করে ফিসফিস করে বলেন, “চারদিকে মাওবাদীরা আমাদের ঘিরে ফেলেছে। বাঁচার উপায় নেই। হয়ত এ হামলায় আমি মারা যাব। জানি না কেন মৃত্যুকে দেখে আমার ভয় লাগছে না।”
পরে অলৌকিকভাবে শর্মা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। তার সেই ভিডিওটি এখন ভাইরাল।
