২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের জন্য জাপানি রাজকুমারীর রাজকীয় মর্যাদা বিসর্জন

বর হিসেবে সাধারণ মানুষকে বেছে নেওয়ার মূল্য দিলেন জাপানের রাজকুমারী আয়াকো। রাজকীয় মর্যাদা বিসর্জন দিলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 08:42 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

সোমবার টোকিওয় সম্রাট মেইজির মন্দিরে কেই মোরিয়া নামের এক সাধারণ নাগরিককে বিয়ে করেন আয়াকো। মোরিয়া জাহাজ কোম্পানি নিপ্পন ইউসেনের ব্যবসায়ী। বিয়ের পর রাজকুমারী আয়াকো তাকামোদোর নাম হবে আয়াকো মোরিয়া।

জাপানে প্রথা অনুযায়ী, রাজপরিবারের নারী সদস্যরা সাধারণ ঘরের কাউকে বিয়ে করলে তাকে রাজকীয় সম্মান এবং রাজকীয় সব সুযোগ-সুবিধাও ছেড়ে দিতে হয়। তবে ছেলে সদস্যদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য নয়।

আয়াকোর বয়স ২৮ বছর আর মোরিয়ার ৩২। আয়াকো জাপানের সম্রাট আকিহিতোর কাজিন তাকামাদোর কন্যা।

বিয়ের পর সাংবাদিকদের মোরিয়া জানান, তিনি আয়াকোকে সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠতে সাহায্য করবেন। একসঙ্গে কাজ করে হাতে হাতে মিলিয়ে হাস্যোজ্জ্বল পরিবার তৈরি করবেন।

ওদিকে, রাজপরিবারের বাইরে বিয়ে করে আয়াকোর রাজকীয় পরিচয় বিলুপ্ত হয়ে যাওয়ার পরও খুশীমনেই রাজপরিবার ছড়েন তিনি।

রাজকীয় মর্যাদা খোয়ানোয় রাজপরিবারের পারিতোষিক আর পাচ্ছেন না আয়াকো। তবে জাপান সরকার থেকে তার জীবনযাত্রা ব্যয় হিসাবে ৯ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হচ্ছে।

রাজকুমারী আয়াকো গত বছর ডিসেম্বরেই তার বিয়ের পরিকল্পনা সাংবাদিকদের জানিয়েছিলেন। আয়াকো দ্বিতীয় জাপানি রাজকুমারী যিনি সাধারণ নাগরিককে বিয়ে করে রাজপ্রাসাদ ছাড়লেন।

এর আগে তার বড় বোন প্রিন্সেস নারিকো ২০১৪ সালে একইভাবে একজন সাধারণ নাগরিককে বিয়ে করেন।

এবার আয়াকোর পর তার কাজিন প্রিন্সেস মাকো’ও সাধারণ নাগরিক কেই কোমুরকে হবু বর হিসাবে বেছে নিয়েছেন। তাদের বাগদানও হয়ে গেছে। ২০২০ সালে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।