নিউ জিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।
বেশ কয়েক হাজার লোক মঙ্গলবারের এই ভূমিকম্পটি অনুভব করলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে।
প্রাথমিকভাবে ভূমিকম্পটি মাত্রা ৬ দশমিক ২ বলা হলেও পরে এর মাত্রা ৬ দশমিক ১ বলে জানানো হয়।
ভূমিকম্পের কারণে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় এবং কিছু ফ্লাইট ওয়েলিংটনে অবতরণ বাতিল করে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড সংবাদপত্র।
ভূমিকম্পটির উপকেন্দ্র থেকে ৩১ কিলোমিটার উত্তরপূর্বের টামরুনুয়ির এক হার্ডওয়্যার দোকানের ম্যানেজার কেন হুইলার বলেছেন, “এটি সামান্য একটি কম্পন ছিল মাত্র, বেশি কিছু ছিল না।”
নিউ জিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, প্রায় ১৫,৬০০ লোক ভূমিকম্পটি অনুভব করেছে, তাদের অধিকাংশই এটিকে মাঝারি থেকে মৃদু বলে বর্ণনা করেছে।
ক্ষয়ক্ষতির কোনো খবর হয়নি বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।
ভূমিকম্পের সময় নিউ জিল্যান্ড সফররত ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান অকল্যান্ডে ছিলেন। সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।
