২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়ায় নেটো

একত্রিশটি দেশের প্রায় ৫০ হাজার সৈন্য, ১০ হাজার সামরিক যান ও ২৫০ যুদ্ধবিমান নিয়ে রাশিয়া সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 03:28 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

নরওয়েতে বৃহস্পতিবার থেকে এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ঠাণ্ডা আবহাওয়ায় বাল্টিক সমুদ্র থেকে আইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত ‘ট্রাইডেন্ট জাঙ্কচার’ নামের এ মহড়া ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এটিই নেটোর সবচেয়ে বড় মহড়া, বলছেন বিশ্লেষকরা।

রাশিয়াও গত মাসে স্নায়ুযু্দ্ধ পরবর্তী সবচেয়ে বড় মহড়া করেছিল। তিন লাখ সৈন্যের ওই ‘ভোস্তক-২০১৮’ মহড়ায় ছিল চীন ও মঙ্গোলিয়ার সেনাও। সৈন্য ছাড়াও ছিল ৩৬ হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, ৮০ টি যুদ্ধজাহাজ, হাজারের ওপর জঙ্গিবিমান।

ওই মহড়ার পাল্টায় ইউরোপে নেটো এ বড় যুদ্ধমহড়া করছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

“আমরা এখন এখানে, উত্তরে, আমাদের সক্ষমতা প্রদর্শনে,” মহড়ার শুরুতে বলেন মহড়ার নেতৃত্ব দেওয়া মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো।

শুরুর দিকে মহড়ায় ৩৫ হাজার সেনার অংশ নেওয়ার কথা থাকলেও পরে এর সঙ্গে আরও সৈন্য ও মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানকে জুড়ে দেওয়া হয়।

মহড়ায় যোগ দিতে গত সপ্তাহে আর্কটিক অঞ্চলে প্রবেশ করে হ্যারি এস ট্রুম্যান, সোভিয়েত পতনের পর এবারই এ পথে কোনো মার্কিন বিমানবাহী রণতরী এল বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাইডেন্ট জাঙ্কচারকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। একে ‘উসকানি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।

তবে নেটো বলছে, তাদের এ মহড়া প্রতিরক্ষামূলক।

নরওয়ের বেশ কয়েকটি বিরোধী দলও এবারের মহড়ায় উদ্বেগ জানিয়েছে। তারা নরওয়েকে নেটো ছেড়ে দিয়ে নর্ডিক দেশগুলোকে নিয়ে নতুন একটি সামরিক জোট করারও আহ্বান জানিয়েছে।

“এ ধরনের কর্মকাণ্ড নরওয়ে ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়াবে,” বলেছেন নরওয়ে পার্লামেন্টের সোশালিস্ট সদস্য টরগের ক্ন্যাগ ভিলকেসনেস।

নেটোর এ মহড়া উপলক্ষে আনা বিমানবাহী রণতরী নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।