২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাশুগজি খুন পূর্বপরিকল্পিত: সৌদি কৌঁসুলি

সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল বলে এবার জানিয়েছেন সৌদি আরবের এক সরকারি কৌঁসুলি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2018, 06:31 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-ইকবারিয়া টিভি এ খবর দিয়েছে।

খাশুগজির ঘটনা তদন্তে গঠিত সৌদি আরব ও তুরস্কের যৌথ টাস্ক ফোর্সের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই কৌঁসুলি একথা বলেছেন এবং এ তদন্তের ভিত্তিতেই কৌঁসুলিরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানানো হয়েছে খবরে।

গত ২ অক্টোবরে খাশুগজি তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর সৌদি আরব প্রথমে তার ব্যাপারে কিছু জানা থাকার কথা অস্বীকার করেছিল।

পরবর্তীতে তারা ওই কনস্যুলেটেই খাশুগজি খুন হওয়ার কথা স্বীকার করে এবং ঘুষাঘুষিতে তিনি মারা যান বলে জানায়। আন্তর্জাতিক মহল এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তারা একাধিকবার বিবৃতি পাল্টায়। শেষ পর্যন্ত দুর্বৃত্ত অভিযানের কারণে ভুলক্রমে খাশুগজি খুন হন বলে তারা ব্যাখ্যা করে।

আর এখন সৌদি কৌঁসুলি তার নতুন বক্তব্যে এ ব্যাখ্যার একেবারে ভিন্ন কথাই বললেন।

তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই বলে আসছিলেন খাশুগজিকে হত্যা করার পর তার দেহ সরিয়ে দেওয়ার জন্য টুকরো টুকরো করা হয়েছে। তাদের কথার প্রমাণ হিসাবে তুরস্ক গণমাধ্যমগুলোতে সৌদি টিমের সদস্যদের নাম, ছবি দেওয়াসহ বিমানবন্দরে তাদের উপস্থিতি এবং ইস্তাম্বুলে তাদের পদচারণারও তথ্য দিয়েছে। খাশুগজি সাজা আরেকজনের সিসি ক্যামেরার ছবিও তারা এ সপ্তাহে প্রকাশ করে।

আর এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বলেন, খাশুগজি হত্যা পূর্বপরিকল্পিত এবং এটি যে রাজনৈতিক অপরাধ তার স্পষ্ট প্রমাণ তুর্কি গোয়েন্দারা পেয়েছে।

এখন ওই সৌদি কৌঁসুলিও কার্যত তুরস্কের কথাই স্বীকার করে নিয়ে বলছেন, এ খুন ছিল পূর্বপরিকল্পিত।

তুরস্ক কর্তৃপক্ষের কাছে খাশুগজি খুনের ঘটনার শক্তিশালী অডিও রেকর্ডিং আছে বলে ধারণা করা হয়। কনস্যুলেটে থাকা বাগের মাধ্যমে কিংবা সৌদি কর্মকর্তাদের কথপোকথনে আড়িপেতে খুনের এ প্রমাণ তুরস্ক পেয়েছে।

তুরস্ক এই রেকর্ডিং এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক জিনা হাসপেল কে শুনিয়েছে বলে বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

হাসপেল তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংক্ষিপ্ত সফরে থাকাকালে তার অনুরোধে তুরস্ক ওই অডিও রেকডিং তাকে শুনিয়েছে। এর মধ্য দিয়ে তুরস্ক এই প্রথম বিদেশি কোনো পক্ষকে তাদের হাতে থাকা প্রমাণ দেখানোর ইঙ্গিত দিয়েছে।

সৌদি আরবের সর্বশেষ নতুন বক্তব্যটি এর পরপরই এল। রয়টার্স জানায়, এর আগে বুধবার সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহও স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন, “খাশুগজির মৃত্যু হয়নি। তাকে খুন করা হয়েছে।” এ কেলেঙ্কারিতে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ওদিকে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার খাশুগজি হত্যায় দায়ী ব্যক্তিদের সাজা দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে গণমাধ্যমগুলোতে তুরস্কের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, খাশুগজিকে হত্যার অভিযান চালিয়েছিলেন যুবরাজেরই এক শীর্ষ সহযোগী।