মেক্সিকোতে আছড়ে পড়েছে হারিকেন উইলা
ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে তিন মাত্রার হারিকেন উইলা মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে।
হারিকেনটিকে ‘প্রাণঘাতী’ ও ‘সম্ভাব্য বিপর্যয়সৃষ্টিকারী’ অ্যাখ্যা দিয়ে আবহাওয়াবিদরা এর কারণে ভয়াবহ বিপজ্জনক জলোচ্ছ্বাস ওই উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) ঝড়ের গতিপথে থাকা এলাকার বাসিন্দাদের ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ফ্লোরিডা উপকূলে আঘাত হানা শক্তিশালী হারিকেন মাইকেলে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।
উইলার কারণে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা সান ব্লাস থেকে পর্যটনের শহর খ্যাত মাজাত্লান ও লাস ইলাস মারিয়াসে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।
আঘাত হানার পর থেকে হারিকেনটি ক্রমাগত দুর্বল হতে থাকবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল এনএইচএস। হারিকেনের কারণে সৃষ্ট ঢেউ ‘প্রাণনাশ, তাৎক্ষণিক বন্যা ও ভূমিধসের’ কারণ হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
বিপর্যয় মোকাবেলায় উইলা আঘাত হানার আগেই জনপ্রিয় সমুদ্রসৈকত রিসোর্ট মাজাত্লানের অনেক বাসিন্দাকে খাবার ও পানি মজুদ করে রাখতে দেখা গেছে।
সেসময় কাছাকাছি শহর এসকুইনাপার বাসিন্দারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জড়ো হচ্ছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে উইলা সিনালোয়া রাজ্যের ইসলা দেল বস্কে আছড়ে পড়ে বলে অন্য একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে।
বেশ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টিনের ছাদ দেওয়া স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে গত ১০ অক্টোবর মেক্সিকোর প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে শক্তিশালী হারিকেন মাইকেল আঘাত হেনেছিল। চার মাত্রার ওই ঝড়ের তাণ্ডব ফ্লোরিডার উপকূলীয় শহর মেক্সিকো বিচকে ‘ধ্বংসস্তূপে’ পরিণত করে বলে পরে মন্তব্য করেছিলেন সেখানকার বাসিন্দারা।
