বিশ্বে আমিই সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার: মেলানিয়া
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, বিশ্বে তিনিই সবচেয়ে বেশি ‘বুলিং’ এর শিকার হয়েছেন। আর এ কারণেই ‘সাইবার বুলিং’ এর বিরুদ্ধে তার প্রচার শুরু করা।
এবিসি নিউজে বিভিন্ন বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে মেলানিয়া একথা বলেন। হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে কাজ করা কিছু মানুষকে তিনি বিশ্বাস করেন না বলেও জানান।
মেলানিয়া বলেন, যেসব নারী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে তাদেরকে ‘সত্যিকারের শক্ত প্রমাণ’ হাজির করতে হবে।
“আমি নারীদের পাশে আছি। কিন্তু আমাদের প্রমাণ হাজির করা দরকার।” তবে কি ধরনের প্রমাণের কথা বলছেন সে সম্পর্কে পরিষ্কার করে তিনি কিছু বলেননি।
গত সপ্তাহে মেলানিয়া আফ্রিকার চারটি দেশে সফরে থাকার সময় সাক্ষাৎকারটি ধারণ করা হয়।
'সাইবার বুলিং' বা অনলাইনে যারা লোকজনকে উত্যক্ত-হয়রানি করে তাদের বিরুদ্ধে গত মে মাস থেকে ‘বি বেস্ট’ প্রচার শুরু করেছেন মেলানিয়া।
ব্যক্তিগত কারণেই এই বি বেস্ট নীতির ভিত্তিতে প্রচার শুরু জানিয়ে তিনি বলেন, “আমি এটাই বলব যে, বিশ্বে আমাকেই সবচেয়ে বেশি বুলিং করা হয়েছে।”
আসলেই তাই কিনা জিজ্ঞেস করা হলে মেলানিয়া বলেন, “আপনি যদি খেয়াল করেন তাহলেই দেখবেন মানুষ আমাকে নিয়ে কি বলছে।”
তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বাররক্ষী কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে বলে জানান মেলানিয়া।
হোয়াইট হাউজে কাজ করা কিছু মানুষকে বিশ্বাস না হওয়ায় মেলানিয়া তাদের সম্পর্কে ট্রাম্পকে সদুপোদেশ দিয়েছেন বলেও জানান।
ট্রাম্প এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জিজ্ঞেস করা হলে মেলানিয়া বলেন, “হ্যাঁ, কিছু লোক সেখানে এখন আর কাজ করে না।”
তিনি আরো বলেন, “শাসন করা কঠিন। পেছনের দিটাও সব সময় নজরে রাখতে হয়।”
