ছেলেই খুন করেছে বুলগেরীয় সাংবাদিককে, জানালেন মা
বুলগেরিয়ার সাংবাদিক ভিক্তোরিয়া মারিনোভা হত্যাকাণ্ড ছেলেই ঘটিয়েছে বলে জানিয়েছেন জার্মানিতে আটক বুলগেরীয় যুবকের মা নাদেজদা ক্রাসিমিরোভা।
বৃহস্পতিবার বুলগেরিয়ার নোভা টিভি চ্যানেলকে তিনি বলেন, ছেলে তার কাছে দোষ স্বীকার করেছে।
মারিনোভাকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার জার্মানিতে আটক হন ২০ বছর বয়সী যুবক সেভেরিন ক্রাসিমিরভ।
এরপরই জার্মানিতে নোভা টিভির সাংবাদিককে ক্রাসিমিরভের মা নাদেজদা বলেন, “সে (ক্রাসিমিরভ) মাতাল হয়ে এবং মাদকের নেশার ঘোরে সে ওই কাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। একথা বলার পরই সে আমার সামনে কাঁদতে শুরু করে। সে এরকম নয়। আমি এটা মেনে নিতে পারছি না।”
বুলগেরিয়ার কৌঁসুলিরা সেভেরিন ক্রাসিমিরভের বিরুদ্ধে তার অনুপস্থিতিতেই ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন। বুলগেরিয়াতে তার বিচারের জন্য জার্মানি থেকে তাকে স্থানান্তরের চেষ্টাও করছেন তারা।
গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর রুজের একটি পার্কে মারিনোভার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায় বুলগেরিয়া পুলিশ।
সম্প্রতি মারিনোভা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক একটি টক-শোর উপস্থাপনা শুরু করেছিলেন।
