ভারি বৃষ্টিপাত, বন্যায় স্পেনে ৫ জনের মৃত্যু
স্পেনের মায়োরকা দ্বীপে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে দ্বীপটির সান লোরেঙ্কের এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে সরু গলির ভিতরে দিয়ে কর্দমাক্ত পানির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে, এমনটি দেখা গেছে।
ভারি বৃষ্টিপাতের পর একটি নদী থেকে কর্দমাক্ত পানির বিশাল ঢেউ তীর ছাপিয়ে সান লোরেঙ্ক শহরকে ভাসিয়ে নেয় বলে জানিয়েছে বিবিসি।
এ পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জরুরি বিভাগগুলো নিখোঁজের সংখ্যা নিশ্চিত করেনি।
এসব দুর্যোগের পর জরুরি বৈঠকে বসেছে স্থানীয় সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট সাহায্য করার জন্য দুর্গত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
এক টুইটে নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এবং এ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে তার দপ্তর।
