জাপানে বাঘের আক্রমণে চিড়িয়াখানা কর্মীর মৃত্যু
জাপানে একটি চিড়িয়াখানায় বিরল প্রজাতির একটি সাদা বাঘের আক্রমণে এক কর্মীর মৃত্যু হয়েছে।
দক্ষিণের নগরী কাগোশিমার হিরাকাওয়া জিওলজিক্যাল পার্কে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, ৪০ বছরের আকিরা ফুরুশোকে বাঘটির খাঁচার ভেতর পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড় থেকে রক্ত ঝরছিল। খাঁচা থেকে উদ্ধার করে হাসপতালে নেওয়া হলে চিকিৎসকরা আকিরাকে মৃত ঘোষণা করেন।
রিকু নামের ওই পুরুষ বাঘটিকে অজ্ঞান করে আকিরাকে উদ্ধার করা হয়। আকিরার পরিবারের অনুরোধে বাঘটিকে হত্যা না করে জীবিত রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আকিরা বাঘের খাঁচাটি পরিস্কার করতে গিয়েছিলেন। সাধারণত খাঁচার ভেতর চিড়িয়াখানার কর্মীরা প্রবেশ করার আগে প্রাণীদের সরিয়ে নেওয়া হয়।
চিড়িয়াখানটিতে মোট চারটি সাদা বাঘ আছে।
