পোপ ফ্রান্সিসকে কিমের আমন্ত্রণ
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনবিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আগামী সপ্তাহে ইউরোপ সফরের অংশ হিসাবে ভ্যাটিকান সফরকালে পোপকে কিমের আমন্ত্রণ বার্তা পৌঁছে দেবেন।
কোনো পোপই এ পর্যন্ত উত্তর কোরিয়া সফর করেননি। যদিও এর আগে প্রয়াত পোপ দ্বিতীয় জন পল একবার উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ পেয়েছিলেন।
উত্তর কোরিয়া ও ভ্যাটিকানের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এ কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পোপের সঙ্গে বৈঠকের সময় কিমের বার্তা জানাবেন।
পোপ ফ্রান্সিসকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে কয়েকমাসের মধ্যে সম্প্রীতির আরেক উদ্যোগ নিলেন কিম।
এর আগে এ বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে তিনটি বৈঠক করেছে।
