আফগানদের ভোট বয়কটের ডাক তালেবানের
আফগান তালেবান দেশটির জনগণকে আসন্ন পার্লামেন্ট নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।
শান্তি আলোচনাও প্রত্যাখ্যান করেছে তারা। দেশটিতে ১৭ বছরের যুদ্ধের অবসান ঘটাতে বিদেশি সেনা পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছে তালেবান জঙ্গিরা।
আফগানিস্তানে বিদেশি সেনাদের উপস্থিতি বৈধ করতে নির্বাচনের আয়োজন করা হচ্ছে বলে তালেবান অভিযোগ করেছে।
আগামী ২০ অক্টোবর থেকে আফগানিস্তানে নির্বাচনী প্রচার শুরু হবে । এর ১০ দিন পর ভোট গ্রহণ শুরু হবে। প্রায় তিন সপ্তাহ ধরে ভোট গ্রহণ চলবে।
তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “জাতির বৃহত্তর স্বার্থে এবং কুচক্রী বিদেশি দখলদারদের সুনির্দিষ্ট ও বিস্তৃত পরিকল্পনা প্রতিরোধে ইসলামিক আমিরাত দেশের জনগণকে নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পূর্ণরূপে বয়কটের আহ্বান জানাচ্ছে। আমরা জনগণকে এই নির্বাচনে অংশ না নিয়ে এর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাতিল করার আহ্বান জানাচ্ছি।”
যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত জালমে খলিলজাদের আফগানিস্তান সফরের সময়টিতে তালেবান এ বিবৃতি দিল।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার নেতৃত্ব দিতে খলিলজাদকে নিয়োগ করা হয়েছে। শান্তি আলোচনার পথ খুঁজতে তিনি আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতও করেছেন।
কিন্তু বিদেশি বাহিনীকে তাড়াতে তৎপর তালেবান সবসময়ই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছে এবং নির্বাচনেরও বিরোধিতা করে আসছে।
গত কয়েকমাসে আফগানিস্তানে নির্বাচনী কর্মকর্তাদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
