২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোল প্রধান ‘ঘুষ নিতেন’, অভিযোগ চীনের

আটক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোংউইয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছে চীন। অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 07:16 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে সোমবার মেংয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, “এ তদন্ত সঠিক এবং বিচক্ষণ সিদ্ধান্ত। দেশকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন দিয়েছে তা এ তদন্তের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে।”

বিবিসি জানায়, গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্সের লিওঁ থেকে চীনে যাওয়ার পর মেং নিখোঁজ হন। ওইদিন মেং সর্বশেষ তার স্ত্রীকে একটি ছুরির ছবিসহ টেক্সট ম্যাসেজ পাঠান।

এ বিষয়ে ইন্টারপোল থেকে চীনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শুরুতে কিছু জানায়নি।

গত শুক্রবার ফ্রান্সের সংবাদমাধ্যমে মেংয়ের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর বেশির ভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা ফলাও করে প্রচার করা হয়।

রোববার এক বিবৃতিতে চীন প্রথম মেংকে আটকের কথা স্বীকার করে। বিবৃতিতে বলা হয়, আইন ভঙ্গের কারণে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা মেং হোংউইয়ের বিরুদ্ধে তদন্ত করছে।

তবে ওই দিন মেংয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো বেইজিং স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে ইন্টারপোল জানিয়েছে, রোববার তারা মেং হোংউইয়ের পদত্যাগপত্র পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে।

২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে মেং হোংউই চীনের পাবলিক সিকিউরিটি বিভাগের একজন ভাইস মিনিস্টার ছিলেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থায় তার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত।

প্রেসিডেন্ট হিসেবে মেং সংস্থাটির নির্বাহী কমিটির নেতৃত্ব দিতেন, যারা ইন্টারপোলের কর্মকাণ্ডের সার্বিক দিক নির্দেশনা ও নানা বিষয়ে পরামর্শ দিত।

তবে ১৯২টি সদস্য সংস্থা নিয়ে গঠিত এ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম দেখভালের দায়িত্ব সেক্রেটারির হাতেই থাকে, প্রেসিডেন্টের সেখানে ভূমিকা নেই।

শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হওয়ার পর থেকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে গত কয়েক মাসে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, ধনকুবের, এমনকি প্রথম সারির সেলিব্রেটির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে নিখোঁজ হওয়া অভিনেত্রী ফান বিংবিং এ সপ্তাহের শুরুর দিকে হঠাৎ করেই জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করেন। কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ৮৮৩ মিলিয়ন ইউয়ান জরিমানা করা হয় তাকে।

তবে মেং ইন্টারপোলের শীর্ষপদে থাকা এক সময় বেইজিংয়ের জন্য লাভজনক বলেই বিবেচিত হত।

হঠাৎ করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। তিনি কার বিরাগভাজন হয়েছেন অথবা তিনি কি এমন করেছেন যে প্রেসিডেন্ট শি’র দুর্নীতি দমন অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হলেন।

এদিকে মেং নিখোঁজ হওয়ার পর ফরাসি কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে। হুমকি পাচ্ছেন এমন দাবি করার পর তার স্ত্রী গ্রেস মেংকে পুলিশি সুরক্ষাও দেওয়া হয়েছে।

চীন মেংকে আটকের কথা স্বীকার করার পরপরই এক সংবাদ সম্মেলনে গ্রেস তার স্বামীর জীবন হুমকিতে বলে শঙ্কা প্রকাশ করে ইন্টারপোলের কাছে মেংকে খুঁজে বের করার মানবিক আবেদন করেন।

গ্রেস জানান, নিখোঁজ হওয়ার দিন মেং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে তাকে ‘আমার ফোনের অপেক্ষা কর’ বলেন। তারপর মেং তাকে একটি ছুরির ছবি পাঠান।