সাংবাদিক নিখোঁজ: কনসুলেটে তল্লাশির ‘অনুমতি দেবে’ সৌদি আরব
নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগ্গির সন্ধানে তুরস্ককে ইস্তাম্বুলের কনসুলেটে তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব।
গত সপ্তাহের মাঝামাঝি কূটনৈতিক ওই মিশনে প্রবেশের পর থেকেই সৌদি রাজপরিবারের এখনকার নীতির কড়া সমালোচক জামালের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি তার বাগদত্তার।
জামালকে কনসুলেটের ভেতরেই আটকে রাখা হয়েছে বলে তুরস্ক ইঙ্গিত দিলেও সৌদি কর্তৃপক্ষ তা উড়িয়ে দিয়েছে।
আঙ্কারার সন্দেহ দূর করতেই রিয়াদ কনসুলেটে তল্লাশির অনুমতি দিচ্ছে, জানিয়েছে রয়টার্স।
“কনসুলেট প্রাঙ্গনটি সার্বভৌম এলাকা হলেও আমরা তাদেরকে (তুর্কি কর্তৃপক্ষ) সেখানে প্রবেশ ও তল্লাশি, এবং যা ইচ্ছা করার অনুমতি দেবো। আমাদের লুকানোর কিছু নেই,” ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
শুক্রবার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
কনসুলেটে প্রবেশের কিছু সময় পরপরই খাশোগ্গি সেখান থেকে চলে যান বলেও জানান এ সৌদি যুবরাজ।
রাজপরিবারের এ সমালোচক সৌদি আরবে বিচারের মুখোমুখি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বলেন, আগে গুরুত্বপূর্ণ হচ্ছে জামালের খোঁজ জানা।
“সে যদি সৌদি আরবে থাকতো, তাহলে আমি জানতাম,” বলেন তিনি।
ওয়াশিংটন পোস্টে নিয়মিত লেখা জামালের অবস্থান নিয়ে আঙ্কারা ও রিয়াদের বিপরীতধর্মী বক্তব্যের পর সাংবাদিকের অবস্থান নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানও।
তুরস্ক বলছে, জামাল ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর সেখান থেকে বেরিয়ে গেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সৌদি রাজপরিবারের সমালোচক জামাল গত বছর থেকে ওয়াশিংটনে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন। বিয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড়ে মঙ্গলবার তিনি বাগদত্তাকে বাইরে রেখে ইস্তাম্বুলের কনসুলেটে প্রবেশ করেন।
এরপর থেকেই তার খোঁজ নেই, দাবি তার বাগদত্তা হেটিস সেনগিজের।
সৌদি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েই জামাল ইস্তাম্বুলের কনসুলেটে গিয়েছিলেন বলে জানান তার বন্ধু আরব-তুরস্ক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রধান তুরান কিসলাকসি।
সৌদি রাজপরিবারের সমালোচক সাংবাদিক এখনো কনসুলেটের ভেতরেই আছেন বলে ধারণা তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের।
সংকট সমাধানে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
‘নিখোঁজের ঘটনা উন্মোচনে’ তুরস্কের সরকারের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছে সৌদি কনসুলেটও।
দেশটির সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সালের সঙ্গে জামালের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছে রয়টার্স।
তুর্কি আল ফয়সাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করেছেন।
জামাল গত বছরখানেক ধরেই কাতার, কানাডা, ইয়েমেনে যুদ্ধ ও ভিন্নমতাবলম্বীদের দমনে সৌদি রাজপরিবারের এখনকার নীতির কঠোর সমালোচনা করে আসছিল।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনায় বিরোধী শিবিরে অবস্থান করা রিয়াদ ও আঙ্কারার সম্পর্ক এমনিতেই নাজুক। জামালের ‘নিখোঁজকাণ্ডে’ তার আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা পর্যবেক্ষকদের।
