কনসুলেট থেকে সাংবাদিক ‘নিখোঁজ’, সৌদি দূতকে তলব তুরস্কের
ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর দেশটির ভিন্নমতাবলম্বী এক সাংবাদিকের ‘নিখোঁজ’ বিষয়ে জানতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাংবাদিক জামাল খাশোগ্গির খবর চাইতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় বলে বৃহস্পতিবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রিয়াদের পররাষ্ট্র নীতি ও ভিন্নমত দমনের কট্টর সমালোচক জামাল মঙ্গলবার সৌদি কনসুলেটে প্রবেশের পর থেকেই ‘নিখোঁজ’ বলে তার বাগদত্তা ও এক বন্ধু দাবি করেছেন।
রাজপরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আটক ও শাস্তির ভয়ে গত বছর সৌদি আরব ছেড়েছিলেন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা এ সাংবাদিক।
“গতকাল সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, খাশোগ্গির বিষয়ে আলোচনা হয়েছে। তার অবস্থান বিষয়ে যে ধোঁয়াশা রয়েছে তা কাটাতে চেষ্টা চলছে। ইতিবাচক ফলাফলই আসবে বলে বিশ্বাস আমাদের,” এমনটাই জানিয়েছে তুরস্কের এক সূত্র।
‘সংকট থেকে উত্তরণে’ যোগাযোগ অব্যাহত আছে বলেও ভাষ্য সূত্রটির।
তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভি জানায়, খাশোগ্গির বিষয়ে কোনো তথ্য নেই বলে সৌদি দূত দাবি করলেও তাকে এ বিষয়ে ‘দ্রুত অবস্থান স্পষ্ট করতে’ বলেন তুরস্কের উপ পররাষ্ট্র মন্ত্রী ইয়াভুজ সেলিম খান।
বুধবার ইস্তাম্বুলের সৌদি কনসুলেট এক বিবৃতিতে খাশোগ্গি মঙ্গলবার দূতাবাসে প্রবেশের কিছু সময় পরই বেরিয়ে যান বলেও দাবি করা হয়।
‘নিখোঁজ’ সাংবাদিকের পরিস্থিতি জানতে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছে তারা।
বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের এক মুখপাত্র সৌদি দূতাবাসের দাবিকে চ্যালেঞ্জ করে বলেন, খাশোগ্গি এখনো ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরেই আছেন বলে বিশ্বাস তাদের।
এ বিষয়ে আঙ্কারার সৌদি দূতাবাসে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা কনসুলেটের বিবৃতির দিকেই ইঙ্গিত করেন।
এ প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত এরদোয়ান কোকের সঙ্গে রাজনীতিক ও অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি আদেল মেহমেদ রিয়াদে বৈঠক করেছেন বলে টুইটারে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনায় বিরোধী শিবিরে অবস্থান করা রিয়াদ ও আঙ্কারার সম্পর্ক এমনিতেই নাজুক। কাতারকে ঘিরে উদ্ভূত সংকটের সময় দোহার পাশেই ছিল তুরস্ক, সৌদি ও এর মিত্রদের রক্তচক্ষু উপেক্ষা করেই গত বছর উপসাগরীয় দেশটিতে সৈন্যও পাঠিয়েছিল তারা।
