২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনের হ্রদে ১৫০০ বছরের পুরনো তলোয়ার

গরমের সময়ে হ্রদের পানিতে সাঁতার কাটতে গিয়ে ভাইকিংপূর্ব যুগের একটি তলোয়ারের সন্ধান পেয়েছে সুইডেনের ৮ বছর বয়সী এক শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 12:40 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

সাগা ভনেস্ক সুইডেনের জঙ্কোপিং শহরের পারিবারিক বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল। ৮ বছরের মেয়েটি সেখানকার ভিদোস্ত্রা হ্রদে সাঁতার কাটার সময়ই প্রাচীন এ নিদর্শনের খোঁজ পায়, জানিয়েছে বিবিসি। 

প্রাথমিকভাবে তলোয়ারটি এক হাজার বছরের পুরনো বলে মনে করা হলেও, স্থানীয় জাদুঘরের বিশেষজ্ঞরা নিদর্শনটির বয়স ১৫০০ বছরের কাছাকাছি হতে পারে বলেও আন্দাজ করছেন।

“হ্রদের মধ্যে থাকা তলোয়ারে পা দেওয়ার ঘটনা প্রতিদিন ঘটে না,” বলেন জাদুঘরের কর্মকর্তা মিকায়েল নর্ডস্টর্ম।

কর্মকর্তারা জানান, সাগা যেসময় সাঁতার কাটছিল খরার কারণে তখন হ্রদের পানির উচ্চতা কম ছিল, যে কারণে সহজেই তলোয়ারটির সন্ধান মেলে।

ভিদোস্ত্রা হ্রদে সাঁতরানোর সময় ‘পানির মধ্যে একটা লাঠির মতো বস্তু পায়ে লাগার পর’ তলোয়ারটির সন্ধান পায় সাগা।

“পানির মধ্যে কিছু একটা আছে বলে অনুভূত হয় আমার, পরে আমি সেটাকে তুলে এর একটা হাতল দেখতে পাই। এটি যে তলোয়ারের মতো দেখতে, তা গিয়ে বাবাকে বলি,” স্থানীয় টেলিভিশন এসভেরিয়েসকে এমনটাই জানায় ৮ বছর বয়সী এ শিশু।

সাগার বাবা অ্যান্ডি ভনেস্ক প্রথমে মেয়ের পাওয়া বস্তুটিকে পানির মধ্যে থাকা অস্বাভাবিক লাঠি বা গাছের ডালপালা ভেবেছিলেন।

এক বন্ধুকে দেখানোর পরই বস্তুটি যে প্রাচীন নিদর্শন তা নিশ্চিত হন তিনি।

তলোয়ারটি এখন স্থানীয় জাদুঘরে রাখা আছে, জানিয়েছে বিবিসি।

সাগার আবিষ্কারের পরপরই জাদুঘর ও শহর কর্তৃপক্ষ ভিদোস্ত্রা হ্রদে অনুসন্ধান চালায়, খুঁজে পায় তৃতীয় শতকে ব্যবহৃত পুরনো একটি ব্রোচ।

অনুসন্ধান কার্যক্রম এখনো শেষ হয়নি বলেও জানিয়েছে জঙ্কোপিং জাদুঘর। হ্রদ থেকে আরও পুরনো নিদর্শন মিলতে পারে বলেও প্রত্যাশা তাদের।