২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ভারত

রাশিয়ার সঙ্গে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি সই করেছে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2018, 05:01 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বৃহস্পতিবার রাতেই ভারত সফরে দিল্লি পৌঁছন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক করেন পুতিন। এদিন প্রতিরক্ষা-সহ ২০ টি বিষয়ে ভারত চুক্তি করেছে।

রুশ প্রেসিডেন্টের এবারের সফরে কড়া নজর রেখেছে আন্তর্জাতিক মহল। দিল্লির চাহিদায় সাড়া দিয়ে এবারই পুতিন ভারতের কাছে এস-৪০০ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা বিক্রির চূড়ান্ত চুক্তি করলেন।

দুই দেশের  এ ধরনের সামরিক চুক্তিতে অস্বস্তিতে পড়ল ট্রাম্প প্রশাসন। কারণ, অত্যাধুনিক এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দিল্লি কিনতে চাইলেও এর পরিণতি ভালো হবে না বলে যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছিল। রুশ সমরাস্ত্র কেনায় ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে ভারতকে।

তারপরও মার্কিন হুমকি অগ্রাহ্য করে ৫০০ কোটি ডলারের এই চুক্তি করল নয়াদিল্লি। পুতিন ছাডা়ও চুক্তির সময় উপস্থিত ছিলেন রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ, বিদেশমন্ত্রী সের্জেই লাভরোভ, শিল্প-বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্তুরোভ। 

এনডিটিভি বলছে, আগে থেকেই এস-৪০০ এর দিকে চোখ ছিল দিল্লির। চুক্তি হলেও পুরো ক্ষেপণাস্ত্র হাতে আসতে দুই বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন ভারতের বিমান বাহিনী প্রধান বি এস ধানোয়া।

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও চলতি বছর বেশ কয়েকবার পুতিনের সঙ্গে দেখা করে মোদী মস্কোর সঙ্গে নয়া দিল্লির পুরনো সম্পর্ক ঝালাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এ প্রতিরক্ষা চুক্তি হল।

ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার পাশাপাশি মোদী প্রশাসন মস্কোর কাছ থেকে ক্রিভাক-ক্লাস ফ্রিগেট যুদ্ধজাহাজ এবং কেএ-২২৬ হেলিকপ্টারও কিনতে চায় বলে জানিয়েছে আনন্দবাজার।