২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ আদালতের নির্দেশ

২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর পুনর্বহাল করা নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 01:17 AM

Updated : 08 Apr 2022, 07:07 PM

বুধবার আদালতের রায়ে বলা হয়েছে, খাবার, ওষুধসহ মানবিক পণ্য রপ্তানি এবং বিমান নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ যেন বাধাগ্রস্ত না হয় তা যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর দেশটির ওপর শিথিল হওয়া পুরোনো নিষেধাজ্ঞাগুলোই আবার নতুন করে বলবৎ করেন।

এরপর ইরান গত জুলাইয়েই এর বিরুদ্ধে মামলা করে। বুধবার জাতিসংঘ আদালত এ মামলারই রায় দিয়েছে।

তবে ইরানে মানবিক পণ্য সরবরাহে কোনো বাধা দিয়ে রাখা হয়নি বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।

আইসিজে’র রায় মানার বাধ্যবাধকতা থাকলেও তা কার্যকর করার কোনো ক্ষমতা আদালতের নেই।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে আইনি বিরোধ মীমাংসার প্রধান বিচারিক প্রতিষ্ঠান। তারপরও যুক্তরাষ্ট্র ও ইরান দু’দেশই অতীতে এ আদালতের আদেশ আমলে নেয়নি।