২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম পেল সিরিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে সিরিয়াকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম সরবরাহ করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 02:01 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

সোমবার ক্ষেপণাস্ত্র সিস্টেমটি সিরিয়ায় পৌঁছেছে বলে মঙ্গলবার জানিয়েছে রাশিয়া, রোশিয়া ২৪ টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

ওই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকের সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনকে খবরটি জানান।

রোশিয়া ২৪ টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে শোইগু পুতিনকে বলেন, “আমরা এস-৩০০ সিস্টেমের সরবরাহ সম্পন্ন করেছি। একদিন আগে কাজটি শেষ হয়েছে।”

এই ক্ষেপণাস্ত্র সিস্টেম সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার সামরিক সদস্যদের নিরাপত্তার উন্নয়ন ঘটাবে বলে এ সময় মন্তব্য করেন শোইগু।

সিরিয়ার পাঠানো সিস্টেমটির মধ্যে চারটি লঞ্চার, লোকেটর ও কন্ট্রোল ভেহিকল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার সমন্বিত এয়ার ডিফেন্স কন্ট্রোল সিস্টেম ২০ অক্টোবর থেকে পুরোপুরি কার্যকর হতে পারে বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

সিরিয়াকে এই বিমান প্রতিরক্ষা সিস্টেম দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র; বলেছিল, এই অস্ত্র বিক্রি ইরানকে দুঃসাহসী করে তুলবে এবং সিরিয়ার লড়াইয়ের তীব্রতা আরও বাড়াবে।

গত মাসে সিরিয়ার উপকূলে রাশিয়ার একটি সামরিক নজরদারি বিমান ভূপাতিত হয়ে ১৫ রুশ এয়ার ক্রু নিহত হয়। সিরীয় বিমান বিধ্বংসী গোলার আঘাতে বিমানটি ভূপাতিত হলেও এ ঘটনার জন্য পরোক্ষভাবে ইসরায়েল দায়ী বলে অভিযোগ রাশিয়ার।

রাশিয়ার ওই সামরিক বিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের ঘাঁটিতে ফেরার সময় লাতাকিয়া শহরে ইসরায়েলি বিমান হামলা চলছিল। ইসরায়েলি বিমান লক্ষ্য করে সিরীয় বাহিনীর গোলাবর্ষণকালে রুশ বিমানটিতে গোলার আঘাত লাগে, সেটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।

রাশিয়ার অভিযোগ, ইসরায়েলি জঙ্গিবিমানগুলো রুশ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে এবং এর জন্য ইসরায়েলই দায়ী।

এর পরপরই সিরিয়াকে দ্রুত এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম সরবরাহের ঘোষণা দেয় রাশিয়া। বিমান বিধ্বস্তের দুই সপ্তাহের মধ্যেই ঘোষিত সিস্টেমটি সিরিয়ায় সরবরাহ করল দেশটি।   

এর আগে ২০১৩ সালে ইসরায়েলের অনুরোধে সিরিয়ায় এস-৩০০ সিস্টেম সরবরাহ স্থগিত করেছিল রাশিয়া।

এই সিস্টেমটি রাশিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম না হলেও এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার এন্ড মিসাইল ডিফেন্সে সিস্টেমের সমতুল্য বলে মনে করেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা।