নিকারাগুয়ার প্রথম নারী প্রেসিডেন্ট চামোরো হাসপাতালে
নিকারাগুয়ার প্রথম নারী প্রেসিডেন্ট ভিওলেতা চামোরোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার, খবর বার্তা সংস্থা রয়টার্স।
৮৮ বছর বয়সী চামোরো স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চামোরোকে রাজধানী মানাগুয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি ‘দুর্বল’ অবস্থায় রয়েছেন।
দুই আমেরিকা মহাদেশের মধ্যে প্রথম নারী হিসেবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছিলেন চামারো। ১৯৯০ সালে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট সান্দানিস্তা দলের নেতা দানিয়েল ওর্তেগাকে পরাজিত করে নিকারাগুয়ার প্রেসিডেন্ট হন। এরপর ১৯৯৭ সালের প্রথমদিক পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
একনায়ক আনাস্তাসিও সমোজার শাসনকালে জনপ্রিয় সরকারবিরোধী দৈনিক লা প্রিন্সা-র সম্পাদকের পত্নী চামোরো স্বামীর গুপ্তহত্যার পর সংবাদপত্রটির দায়িত্ব তুলে নিয়েছিলেন। পরে সমাজতন্ত্রী সান্দানিস্তাদের সমালোচনায়ও দৈনিকটিকে মুখর করে তুলেছিলেন তিনি।
