২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফটার বদলে যুক্তরাষ্ট্র-কানাডার নতুন বাণিজ্য চুক্তি

নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) এরবদলে নতুন বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। সঙ্গে আছে মেক্সিকোও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 07:41 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

নতুন ‘দ্য ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট’ (ইউএসএমসিএ) চুক্তির ফলে কানাডার দুগ্ধ বাজারে যুক্তরাষ্ট্র আরো বেশি প্রবেশাধিকার পাবে এবং কানাডা থেকে গাড়ি আমদানিও বাড়বে।

কয়েকশ’ পাতার এ চুক্তি প্রকাশ করা হয় সোমবার সকালের দিকে। চুক্তিটির মেয়াদ ১৬ বছর এবং প্রতি ছয় বছরে এটি পুনপর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিবিসি।

চুক্তিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে তিন দেশের জন্য একে একটি বিরাট এবং চমৎকার চুক্তি বলে বর্ণনা করেন। এর মধ্য দিয়ে নাফটা চুক্তির সব ঘাটতি এবং ভুলগুলোর অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র এর আগে অগাস্টেই মেক্সিকোর সঙ্গে এ চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু তখন এ বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণে দেশটি এ চুক্তি থেকে বাদ পড়ার আশঙ্কা সৃষ্টি হয়।

পরে ট্রাম্প প্রশাসন কানাডাকে চুক্তিটি করার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

আর এখন তিন দেশ একসঙ্গে চুক্তিতে উপনীত হওয়ায় ট্রাম্পই একরকম জয়ী হলেন। তিনি যা চান তাতে মেক্সিকো এবং কানাডারও সায় পেলেন।