২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মৃত ৮৪৪, লাশের জায়গা মিলছে গণকবরে

ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বেড়ে হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত গণকবর দেওয়া হচ্ছে সারি সারি লাশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 05:18 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

কর্তৃপক্ষ জানিয়েছে, পচে গলে যাওয়া মৃতদেহ থেকে যাতে কোনো রোগ ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই লাশগুলোকে গণকবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পালু শহরের পর্বতে মোট ১,৩০০ লাশের গণকবর খুঁড়ে রাখা হয়েছে। ট্রাকে করে ব্যাগে মোড়ানো লাশ এনে ফেলা হচ্ছে সেখানে। তবে এ মৃত্যু উপত্যকায় এখনো প্রিয়জনদের খুঁজে ফিরছেন বহু মানুষ।

ভূমিকম্পের কবল থেকে কোনভাবে বেঁচে যাওয়া মানুষেরা এখন মরিয়া হয়ে উঠেছে সাহায্যের জন্য। ভূমিকম্পের প্রায় তিনদিন পরও পালুর ধ্বংসস্তুপে বসে ত্রাণ ও খাবারের অপেক্ষায় আছে ক্ষতিগ্রস্তরা।

আটকে পড়া রাস্তা এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্গত এলাকায় সাহায্য পৌঁছানো কঠিন হচ্ছে। ত্রাণ যথাসময়ে না পৌঁছানোয় অনেকেই শপিং মলগুলোতে ঢুকে খাবার ও পানি লুট করে নিয়ে আসছে।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় প্রত্যন্ত অঞ্চলে ধসে পড়া ঘরবাড়ি থেকে পালাচ্ছে মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত কারাগার থেকেও প্রায় ১২০০ বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পালুর কয়েকটি হোটেল এবং শপিংমলের ধ্বংসস্তুপে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। কয়েকটি গ্রামে ভূমিধসেও শত শত মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ডংগালায়। পালুর উত্তরের এ অঞ্চলটিতে ৩ লাখ মানুষের বাস। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই এ এলাকার অবস্থান। ডংগালাসহ আরো দুটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৪ টি এলাকা মিলে লোকসংখ্যা আনুমানিক ১৪ লাখ।

মানুষ উদ্ধারের কাজকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট জোকো উইদোদা। তিনি বলেন, “লোকজনকে উদ্ধারের কাজ এখনো শেষ হয়নি। ভারি যন্ত্রপাতির অভাবে অনেক জায়গাতেই উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। তবে গতরাত থেকে যন্ত্রপাতি আসতে শুরু করেছে।”

পালুর কাছে বালারোয়া থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের আঘাতে এ এলাকায় ১৭০০ ঘরবাড়ি ভেঙে পড়েছিল। সেখানে কত মানুষ আটকা পড়ে আছে জানা নেই বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র।

গত শুক্রবার ভূমিকম্পের কিছুক্ষণ পর সুলাবেসি দ্বীপের পালু শহরে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার (২০ ফুট) ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে।

এতে পালুর বেশিরভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে পড়ে। সুনামিতে একটি সেতু ভেঙে ভেসে গেছে এবং ভূমিধসে পালুর প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একটি উৎসব উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কয়েকশ লোক পালুর সৈকতে জড়ো হয়েছিল। আবছা অন্ধকারে ধেয়ে আসা পানির দেয়াল সৈকত থেকে তাদের ভাসিয়ে নিয়ে যায়, এতে অনেকেই মারা যায়। শক্তিশালী পানির তোড় সামনে যা পেয়েছে ধ্বংস করে এগিয়ে গেছে।

পুরনো খবর:

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, সুনামিতে নিহত ৮৩২