তিব্বত প্রশ্নে চীনাদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
চীনের সঙ্গে ঘোর বাণিজ্য যুদ্ধ চলার মধ্যেই এবার তিব্বত প্রশ্নে দেশটিকে কড়া বার্তা দিয়ে গুরুত্বপূর্ণ একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
যে সব চীনা কর্মকর্তা মার্কিন নাগরিক, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের তিব্বতে ঢুকতে দেবেন না, তাদের ভিসা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে পাস হয়েছে বিলটি।
ট্রাম্প প্রশাসন একের পর এক আমদানি শুল্ক চাপিয়ে চীনকে অর্থনৈতিক দিক থেকে কোণঠাসা করতে থাকার মধ্যেই মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে কণ্ঠভোটে এ বিল পাস হয়।
পিটিআই জানায়, চীনা নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের যেমন সুযোগ পান ঠিক তেমনি তিব্বতেও মার্কিনিদের একইরকমভাবে প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে এ ‘তিব্বত আইনে’।
মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পাল বলেন, “ন্যাবিচার, মানবাধিকার এবং যুক্তরাষ্ট্রের সতর্ক কূটনীতির মূল বিষয় হিসাবেই আসলে ‘দ্য রেসিপ্রোকাল একসেস টু তিব্বত অ্যাক্ট’ প্রণীত হয়েছে। চীন বহু দিন ধরেই তিব্বতে প্রবেশের ওপর কড়াকড়ি করে আসছে। তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের খবর আটকাতে তারা সাংবাদিকদেরকে সেখানে প্রবেশ করতে দেয় না। তিব্বতি-মার্কিনিরাও নিজেদের ভূমিতে ঢুকতে পারে না। এ সমস্ত বিতর্কেরই অবসান ঘটাবে এ বিল।”
তিনি বলেন, “চীনা কর্মকর্তা, সাংবাদিক ও অন্য নাগরিকরা যেমন যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মার্কিন নাগরিকরাও সেই একই সুযোগ পাওয়া উচিত। এর অন্যথা হলে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকা চাই।”
