২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মার্কিন নিষেধাজ্ঞা না মানলে কঠোর পরিণতির হুমকি ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কোনো দেশ না মানলে ‘কঠোর পরিণতি ভোগ করবে’ বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 01:14 AM

Updated : 08 Apr 2022, 07:05 PM

বুধবার নিরাপত্তা পরিষদে বৈঠকের উদ্বোধন করে ট্রাম্প সদস্য দেশগুলোকে এ হুমকি দেন।

ইরানের ‘অনিষ্টকর আচরণের’ কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে বলে তিনি যুক্তি দেখান এবং এ নিষেধাজ্ঞায় জাতিসংঘের সমর্থন চান।

ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে না পারে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাওয়ারও আহ্বান জানান তিনি।

একইসঙ্গে ইরানে নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপরে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, কোনো দেশ তা মানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের ভয়ানক রোষানলে পড়বে।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ২০১৫ সালে সাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প সরে আসার পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেন।

আগের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা ওই চুক্তির বদৌলতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে অনেকাংশে রেহাই পেয়েছিল। ট্রাম্প  পরে চুক্তিটি বাদ দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ট্রাম্প নিরাপত্তা পরিষদের ‘অপব্যাবহার’ করছেন বলে ইরান অভিযোগ করেছে।

ওদিকে, ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিকে এখনো সমর্থন দিয়ে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দীর্ঘ-মেয়াদী একটি কৌশল নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “কেবল মাত্র নিষেধাজ্ঞা দিয়ে আর নিয়ন্ত্রণ আরোপ করে দাবিয়ে রাখা নয়, বরং আমাদের সবারই একযোগে একটি দীর্ঘ-মেয়াদী কৌশল নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।”