২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে হাসির খোরাক হলেন ট্রাম্প

‘বিশ্ব যুক্তরাষ্ট্রকে নিয়ে হাসছে’ বলে প্রায়শই সতর্ক করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জাতিসংঘের আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রনেতাদের সামনাসামনি হয়ে নিজেই হাসির খোরাক হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 07:04 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে নিজের অথনৈতিক অর্জনের কৃতিত্ব নিয়ে বড়াই করতে গিয়ে তিনি সবার হাসির পাত্র হন।

অন্য আর সব মানুষের মতো ট্রাম্পেরও একটি দুঃস্বপ্ন ছিল। আর তা হল যুক্তরাষ্ট্রকে নিয়ে বিশ্ব হাসছে। তার মঙ্গলবারের ওই ভাষণে সে দুঃস্বপ্নই শেষ পর্যন্ত সত্য হল।

এদিনের ভাষণে ট্রাম্প তার সরকারের কাজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর প্রশাসন হিসাবে তুলে ধরেন। দেশে অর্থনীতি, শেয়ার মার্কেটের প্রসার ঘটেছে, প্রতিরক্ষা তহবিল বেড়েছে এবং বেকারত্ব কমে এসেছে বলে জানান তিনি।

তাছাড়া, দুই বছরেরও কম সময়ে তার প্রশাসন যা কাজ করেছে, তা মার্কিন ইতিহাসে আর কোনো প্রশাসন করতে পারেনি বলেও দাবি করেন ট্রাম্প।

তার এ কথার পরই সভাকক্ষে হাসাহাসি শুরু হয়ে যায়। কূটনীতিকদের মধ্যে কয়েকজনের হাসি শোনা যায় টিভিতে।

কটাক্ষের এমন হাসিতে কিছুটা বিভ্রান্ত ট্রাম্প ‘আসলেই সত্য,’ বলে নিজের কথাটিকে ফের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। পরক্ষণেই স্মিত হেসে তিনি বলেন, “এরকম প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিকাছে...।”

ট্রাম্পের কথা তার সমর্থকরা সাধারণত বিশ্বাস করে। আর সাংবাদিকরা ট্রাম্প যা বলছেন তা ‘সত্য নয়’ জেনে সেটি নিয়ে ব্যাঙ্গ করে অর্থবা কেবল মাথা ঝাঁকায়।

তবে জাতিসংঘে উপস্থিত প্রতিনিধিরা ট্রাম্পের কথার সমর্থকও নন কিংবা তার এমন কথা শুনে অভ্যস্তও নন। ফলে তারা প্রকাশ্যেই ট্রাম্পের কথায় হেসে ফেলেন।

ট্রাম্প অতীতে বরাবরই দুর্বল আন্তর্জাতিক নীতির কারণে ‘যুক্তরাষ্ট্র হাসির পাত্র হচ্ছে’ বলে মন্তব্য করে এসেছেন।

২০১৬ সালের অক্টোবরে তিনি বলেছিলেন, “বিশ্ব আমাদের নিয়ে হাসছে। আমরা সীমান্তে জিততে পারিনি। আমরা কোথাও জিততে পারি না। অভিবাসন নিয়ে আমরা যা করছি তাতেও বিশ্ব আমাদেরকে নিয়ে হাসছে।”

২০১৭ সালেও ট্রাম্প একই ধরনের কথা বলেছিলেন। ২০১১ সাল থেকে শুরু করে বহুবারই তিনি ‘হাসি’ শব্দটি টুইট করেছেন। শব্দটির এমন বহুল প্রচারেও বিশ্ব হেসেছে।

এবার তিনি নিজেই বিশ্বমঞ্চে নিজের কৃতিত্ব জাহির করে সে হাসির প্রকাশ ঘটালেন।