২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিজানের দিকে ছোড়া হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াইরত হুতি বাহিনী সীমান্তের ওপারের সৌদি প্রদেশ জিজানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 02:03 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

শনিবার দক্ষিণাঞ্চলীয় জিজান শিল্প শহরের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

হুতিদের আল মাসিরাহ টেলিভিশন বলেছে, “রকেট বাহিনী জিজানের শিল্প শহরের দিকে একটি বদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।”

ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকাগুলোর দিকে ধেয়ে আসছিল এবং সেটিকে জিজানের আকাশে বাধা দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে খবরটি দিয়েছে তারা।

উদ্ধৃতিতে কর্নেল তুর্কি আল মালিকি বলেছেন, “ক্ষেপণাস্ত্রটিকে বাধা দেওয়ার সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।”

ইরান সমর্থিত হুতিরা নিয়মিতভাবে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন সৌদি আরবের জিজান প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়ে আসছে। এসব স্থাপনার মধ্যে সৌদি আরামকো পরিচালিত একটি তেল শোধনাগারও আছে বলে জানিয়েছে রয়টার্স।