২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুন মাংখুট: ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ৪৯

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো পর টাইফুন মাংখুট ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চীনের সবচয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হেনেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 10:39 AM

Updated : 11 Oct 2022, 12:37 PM

পুরনো খবর:

ফিলিপিন্সের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মাংখুট

স্থানীয় সময় রোববার বিকালের পরপর  চীনের দক্ষিণের ওই প্রদেশে মাংখুট আঘাত হানে। তার আগেই  সেখানে সর্বোচ্চ সতর্কতা ‘রেড এলার্ট’ জারি করা হয়েছিল বলে জানায় বিবিসি।

এদিকে মাংখুটের আঘাতে ফিলিপিন্সে মৃত্যের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে। যাদের বেশিরভাগই ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে মারা গেছে বলে জানান ফিলিপিন্স কর্তৃপক্ষ।

এদের মধ্যে ২০ জন দেশটির প্রধান দ্বীপ লুজনের কর্দিলিয়ারা অঞ্চলেই মারা গেছেন।

বাকিদের বেশিরভাগই নুয়েভো ভিজকাইয়া প্রদেশের আশপাশে ও ইলোকস সুর প্রদেশে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু বরণ করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

মাংখুটকে ২০১৮ সালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় বলে বিবেচনা করা হচ্ছে।

মাংখুটের আঘাতে লুজনের উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার ক্ষয়ক্ষতির খবর এখনো আসছে।

ফিলিপিন্সের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, টাইফুনটির তাণ্ডবে তুগেগ্যারাও শহরের প্রায় সব ভবন অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টাইফুনটি ঘন্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এর গমনপথে ৪০ লাখ লোকের বসবাস। টাইফুনের কারণে ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রবল ঝড়ে উপকূলীয় শহর আপারির আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এবং শহরটির ফোন নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে খবর প্রকাশ হয়েছে।

ফিলিপিন্সের স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে কাগায়ন প্রদেশের বাগগাও এলাকা দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে। তবে বাগগাওতে কেউ নিহত হননি বলে জানিয়েছেন ফিলিপিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান রিকার্দো জালাদ।

স্থলে উঠে আসার পর টাইফুনটির বাতাসের বেগ কিছুটা হ্রাস পায়। যে কারণে এটা সুপার টাইফুনের অবস্থা থেকে প্রায় চার মাত্রার হারিকেনে পরিণত হয়।

স্থানীয়ভাবে ওমপোং নামে পরিচিতি টাইফুনটির মেঘের বহর প্রায় ৯০০ কিলোমিটার বিস্তৃত এবং এটি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে পশ্চিমমুখে এগিয়ে যাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই টাইফুনটিকে চলতি বছর এ পর্যন্ত আঘাত হানা ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে ঘোষণা করেছে।

রোববার বিকালে মাংখুট হংকংয়ের আঘাত হানে। মঙ্গলবার নাগাদ এটি দুর্বল হয়ে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে পূর্বাভাসে ধারণা প্রকাশ করা হয়েছে।

এই টাইফুন ২০১৩ সালে আঘাত হানা ফিলিপিন্সের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সুপার টাইফুন হাইয়ানের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। হাইয়ানের আঘাতে সাত হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল।

তবে ওই ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে ফিলিপিন্সের ঘূর্ণিঝড় প্রস্তুতি ও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া উন্নত হওয়ায় মাংখুটে হতাহতের সংখ্যা কম হয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।