২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যানয়বাসীকে কুকুরের মাংস না খাওয়ার আহ্বান কর্তৃপক্ষের

শহরের সুনাম বৃদ্ধি ও জলাতঙ্কের মতো রোগের হাত থেকে বাঁচতে বাসিন্দাদের কুকুরের মাংস খাওয়া বন্ধের অনুরোধ জানিয়েছেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 05:10 PM

Updated : 08 Apr 2022, 07:00 PM

হ্যানয়ের পিপলস কমিটি বলছে, এ অভ্যাস গড়তে পারলে তা ‘সভ্য ও আধুনিক রাজধানী’ হিসেবে শহরের ভাবমূর্তি নির্মাণে সহায়ক হবে।  

কর্তৃপক্ষ কুকুরের মাংস ভক্ষণে জলাতঙ্ক ও লেপটোস্পাইরোসিসের মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে বলেও সতর্ক করেছে, খবর বিবিসির।

হ্যানয়ের হাজারেরও বেশি দোকানে এখনও কুকুর-বেড়ালের মাংস বিক্রি হয়।

কুকুরের মাংসের মত জনপ্রিয় না হলেও সহজলভ্য বিড়ালের মাংস না খেতেও অনুরোধ জানিয়েছে পিপলস কমিটি।

খাদ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে অনেক প্রাণীকে নির্মমভাবে হত্যা করা হয়, বিষয়টির ওপর জোর দিয়ে কুকুর-বিড়ালের মাংস না খাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ধারণা করা হয়, হ্যানয়ে আনুমানিক ৪ লাখ ৯০ হাজার কুকুর ও বিড়াল রয়েছে, যার অধিকাংশই পোষ্য।

কুকুরের মাংস খাওয়ার ব্যাপারে আপত্তি আছে, ভিয়েতনামে এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়লেও দেশটির অনেক এলাকাতেই এটি এখনও মূল খাদ্যভ্যাসের অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন বিবিসি ভিয়েতনামের সাংবাদিক লিন এনগুয়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই কর্তৃপক্ষের এ আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে কেউ কেউ বলছেন, অনেক ভিয়েতনামির পক্ষেই অভ্যাসটি ছেড়ে দেওয়া সহজ হবে না।

ডাং এনগক কাং নামের এক ফেইসবুক ব্যবহারকারী কুকুরের মাংস খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন।

মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তার বদলে কুকুরের মাংসে বড় ধরনের কর বসানো কিংবা নির্দিষ্ট কিছু এলাকায় এ ধরনের খাদ্যভ্যাস বহাল রাখারও পরামর্শ দিয়েছেন তিনি।