২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নারীর সঙ্গে নাস্তা খাওয়ায় গ্রেপ্তার

বোরকা পরা এক নারীর সঙ্গে সকালের নাস্তা খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশরের এক নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 09:47 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

বিবিসি জানায়, টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে মিশরীয় ভাষায় কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তি পুরো মুখঢাকা এক নারীর সঙ্গে সকালের নাস্তা করছিলেন। ওই নারী সৌদি আরবের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে বা রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় একা খেতে আসা ব্যক্তিদের অন্য পরিবারের সদস্যদের থেকে আলাদা বসতে হবে। নারীরা এবং একা খেতে আসা ব্যক্তিরা কখনোই একসঙ্গে বসে খেতে পারবে না।

সৌদি নারীরা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া অনেক কাজই করতে পারেন না। এই পুরুষ অভিভাবক সাধারণত বাবা বা স্বামী। বিশেষ পরিস্থিতিতে ভাই বা ছেলেও হতে পারে।

সৌদি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বিবিসি। তার বিরুদ্ধে ‘বেশ কয়েকটি আইন লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।

‘এক মিশরীয় এক সৌদির সঙ্গে সকালের নাস্তা করছে’ আরবিতে এই হ্যাসট্যাগে ওই ভিডিওটি টুইটারে এক লাখ ১৩ হাজার বার শেয়ার হয়েছে; যা সৌদি আরবকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই ব্যক্তি এবং ওই নারীকে খাবার নিয়ে কৌতুক করতে শোনা যায়। সেখানে অন্য আর কেউ ছিল না।

অনেক টুইটার ব্যবহারকারী এ জন্য উভয়ের সমালোচনা করেছেন। আবার অনেকে সৌদি নারীকে বাদ দিয়ে মিশরীয় ব্যক্তিকে গ্রেপ্তার করায় বিস্ময় প্রকাশ করেছেন।